Hashtagintro

জগদ্ধাত্রী পুজোয় লক্ষ লক্ষ মানুষের ভিড়, কৃষ্ণনগরে বন্ধ কোন কোন রাস্তা, বদল কোন বাসের রুট?

জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর। ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যানজটও দেখা যায় শহরে। এবার আরও ভক্ত, সাধারণ মানুষ উপস্থিত হবেন প্রাচীন এই শহরে। যানজট নিয়ন্ত্রণ ও শহরকে স্বাভাবিক রাখার জন্য একাধিক পদক্ষেপ করল কৃষ্ণনগর জেলা পুলিশ। একাধিক রাস্তা পুজোর দিনগুলিতে বন্ধ রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে ১৬ নভেম্বর থেকে শহরের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এই নিয়ন্ত্রণ চলবে। পাশাপাশি একাধিক রুটের বাসের যাত্রাপথ ও ছাড়ার স্থানেও পরিবর্তন আনা হয়েছে। তবে জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় সরকারি পরিষেবার যানবাহন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ১৬ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ১৭ নভেম্বর গভীর রাত পর্যন্ত যান চলাচলে বিধিনিষেধ কার্যকর থাকবে। একইভাবে ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে ১৮ নভেম্বর গভীর রাত পর্যন্ত নিয়ন্ত্রণ জারি থাকবে। ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে ১৯ নভেম্বর গভীর রাত পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে।

অন্যদিকে, ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে প্রতিমা বিসর্জন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। পরিস্থিতি অনুযায়ী বিসর্জন ২০ বা ২১ নভেম্বর পর্যন্ত গড়ালে সেই সময়েও বিধিনিষেধ বজায় থাকবে। যান চলাচল স্বাভাবিক হলে সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। শুধু শহরের সাধারণ যান চলাচলই নয়, বাস পরিষেবাতেও একাধিক পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় ও দূরপাল্লার বাস কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে ছাড়তে পারবে না। শহরের ভিতরেও বাস প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। বিকল্প হিসেবে বিভিন্ন রুটের বাসের জন্য পৃথক যাত্রার স্থান নির্দিষ্ট করে দিয়েছে পুলিশ।

নির্দেশিকা অনুসারে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে করিমপুর, তেহট্ট, বেথুয়াডহরির বাস চলবে। কৃষ্ণনগরগঞ্জ, মাজদিয়া, ইব্রাহিমপুর ও কদমঘাটগামী বাস চলবে গোদাডাঙা নো এন্ট্রি পয়েন্ট থেকে। মায়াপুর, কালীগঞ্জ, পলাশী, অগ্রদ্বীপ, নবদ্বীপ ঘাট, বর্ধমান, কাটোয়া, ইসলামপুর ও দুর্গাপুরগামী বাস ছাড়বে হলি ফ্যামিলি স্কুলের কাছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে। এছাড়া হাঁসখালি, বগুলা, দত্তফুলিয়া ও বনগাঁগামী বাসের জন্য নির্ধারণ করা হয়েছে কালতলা, পাণ্ডব মোড় সংলগ্ন এলাকা। রানাঘাট, শান্তিপুর ও বাদকুল্লাগামী বাসের যাত্রার স্থান হবে পালপাড়া মোড়। ফলে পুজোর দিনগুলিতে যাত্রীদের বাস ধরার আগে সংশ্লিষ্ট রুটের নির্ধারিত স্থান সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শহরে যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণে মোট ন’টি জায়গাকে নো এন্ট্রি পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language