ঝাড়খণ্ডে (Jharkhand) তান্ডওয়া তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। রাজ্যের ছাত্রা জেলায় বুধবার এই দুর্ঘটনা ঘটে। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। তড়িঘড়ি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছত্রার পুলিশ আধিকারিক অনিমেশ নৈথানি জানিয়েছেন, তান্ডওয়ার উত্তর করণপুর নির্মাণকাজ চলছে সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসি টেন্ডারের মাধ্যমে অন্য একটি সংস্থাকে নির্মাণকাজের দায়িত্ব দিয়েছিল। ইতিমধ্যে এনটিপিসি দুর্ঘটনার কথা স্বীকার করেছে। তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা। এক বিবৃতিতে সরকারি সংস্থাটি জানিয়েছে, “তান্ডওয়া জেলার উত্তর করণপুরা এনকেএসটিপিপি-তে নির্মাণকাজের সময় দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড এবং থাইসেনক্রুপ-এর তিনজন শ্রমিক নিহত হয়েছেন। দু’জন আহত হয়েছেন।”
আরও বলা হয়েছে, এই হৃদয়বিদারক ঘটনায় এনটিপিসি পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে এনটিপিসি। তাঁদের সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা।” আহত দুই শ্রমিকের চিকিৎসার ব্যবস্থাও করছে সংস্থা। যদিও ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানানো হয়নি। তবে এনটিপিসির তরফে জানানো হয়েছে, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
এনটিপিসি নর্থ করনপুরা সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (এনকেএসটিপিপি)-এর মোট পরিকল্পিত সক্ষমতা হবে ১,৯৮০ মেগাওয়াট। যা ৬৬০ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিটের সমন্বয়ে গঠিত। বলা বাহুল্য, এর ফলে ঝাড়খণ্ড-সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির বিদ্যুৎ-গ্রাহকরা উপকৃত হবেন।
Source: Sangbad Pratidin India (Bengali)
