Hashtagintro

টাটা গোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা চলছে! বিস্ফোরক দাবি রাহুলের, কেন্দ্র বলল, ‘শিল্পপতিদের বিষিয়ে দিচ্ছেন’

এবার টাটা গোষ্ঠীর অন্দরের কোন্দল নিয়ে কেন্দ্রকে নিশানা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর দাবি, অন্যায়ভাবে টাটা গোষ্ঠীকে ধ্বংস করা হচ্ছে। সেটা হচ্ছে কেন্দ্রের অযাচিত ও অন্যায় হস্তক্ষেপে। পালটা জবাব এসেছে কেন্দ্রের তরফেও। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলে দিয়েছেন, সব কিছু রাজনীতির ইস্যু নয়। এভাবে শিল্পপতিদের মন বিষিয়ে দেওয়া উচিত নয় রাহুলের।

বুধবার সকালে সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতা দাবি করেন, “টাটাকে অপরাধমূলক ভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অথচ দেশের শিল্পপতিরা এ নিয়ে একটা কথাও বলার সাহস পাচ্ছেন না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বিরোধী দলনেতার বক্তব্য, “ভারতীয় শিল্প মোদি-শাহের খেলার পুতুল নয়।” দেশের শিল্পপতিদের উদ্দেশে রাহুলের প্রশ্ন, “আর কতদিন আপনারা নীরব থাকবেন। যতদিন পর্যন্ত ওরা আপনাদেরও কব্জা না করছে, ততদিন কী এই পরিস্থিতি চলবে। আমি নীরব থাকব না। আমার ভয় নেই।”

বস্তুত টাটা গোষ্ঠীর শীর্ষপদ নিয়ে গত কয়েক মাস বেনজির টানাপোড়েন চলছে। মূল বিবাদ টাটা সন্স এবং টাটা ট্রাস্টসের শীর্ষ কর্তাদের মধ্যে। টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের নিয়োগে সায় দিয়েছে পরিচালন পর্ষদ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। রাহুলের দাবি, সংস্থার এই অন্তর্কলহে হাত রয়েছে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর।

রাহুলের ওই অভিযোগ নিয়ে এখনও দেশের কোনও শিল্পপতি বা টাটা সন্স কেউ মুখ খোলেনি। তবে কেন্দ্রের তরফে ওই অভিযোগের জবাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলছেন, এভাবে সব বিষয়ে রাজনীতি করা উচিত নয়। রাহুলের উদ্দেশে নির্মলার বার্তা, “আপনি দেশের শিল্প এবং শিল্পপতিদের সাফল্যে বার বার নিন্দা করেছেন। এখন কি আপনি আমাদের শিল্পপতিদের মধ্যে অবিশ্বাস তৈরি করতে এবং বিষ ছড়ানোর চেষ্টা করছেন?” 

বিতর্ক এখানেই থামেনি। পালটা রাহুল গান্ধী নির্মলাকে প্রশ্ন করেন, “আচ্ছা বলুন তো, ঠিক কোন আইনি প্যাঁচে পড়ে টাটা ট্রাস্ট এবং টাটা সন্স অমিত শাহর বাড়িতে বৈঠকে গেলেন? বলুন তো দেশের এক নম্বর পুঁজিবাদী ব্যবসায়ীটি টাটা গ্রুপের ঠিক কোন অংশটি পেতে চলেছেন? মনে রাখবেন, ২-৩ জন ছাড়া দেশের বেশিরভাগ শিল্পপতি আপনাদের ঘৃণা করেন।” 

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language