নেশায় আসক্ত ছেলে! সে এমনই নেশা যে ছেলেকে নিয়ে রীতিমতো হয়রান পরিবার। অভিযোগ, নেশা করতে না পারলে নাকি তাকে বাড়িতে কোনওভাবে আটকে রাখা যাচ্ছে না। এমন অস্বাভাবিক আচরণ করছে যে, যে কোনও সময় বড়সড় বিপদ ঘটিয়ে ফেলতে পারে। আর এই আশঙ্কাতেই ছেলের হাত-পা টিউব দিয়ে বেঁধে ভ্যানে তুলে সোজা থানায় নিয়ে গেলেন অসহায় বাবা।
জানা গিয়েছে, ওই যুবকের বাবা পেশায় ভ্যান চালক। বাবা সুনীল সাহের দাবি, তাঁর ২১-২২ বছর বয়সি ছেলে কানহাইয়া সাহ। গত ১৫ নভেম্বর ছটপুজোর রাত থেকে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। কী ধরনের নেশা করেছে, তা পরিবারের কেউ জানেন না। ছেলেকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, আর্থিক সামর্থ্য না থাকায় বেসরকারি চিকিৎসা করানোও সম্ভব হচ্ছে না। ছেলের আচরণে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা কিংবা আত্মহানির আশঙ্কা করছেন বাবা।
সেই আশঙ্কা থেকেই ছেলেকে ভ্যানে বেঁধে দুর্গাপুর থানায় নিয়ে যান তিনি। বাবার বক্তব্য, ছেলের কোনও অঘটন ঘটলে তার দায় যেন পরিবারের উপর না বর্তায়, সেই আবেদন জানাতেই থানায় এসেছেন তিনি। এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। এলাকার অনেকেরই বক্তব্য, সন্ধে নামলেই শহরের বিভিন্ন জায়গায় নেশার ঠেক বসে। দুর্গাপুরে রমরমিয়ে নেশার কারবারও যে চলছে, এ ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ বলে মত অনেকের। প্রসঙ্গত, নতুন সরকার গঠনের পর থেকেই নেশামুক্ত বাংলা গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের দিকে দিকে নেশামুক্তি অভিযান চালাচ্ছে প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরে সচেতনতা প্রচার চলছে। তারপরেও নেশার কারবারিদের রমরমা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা।
