‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রিমিয়ারেই জিৎ ইঙ্গিত দিয়েছিলেন দেবের নতুন ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে ফিরবে ‘দুই পৃথিবী’র স্মৃতি। যেমন কথা তেমন কাজ। দেব পরিচালিত প্রথম ছবি ‘দেশু ৭’-এর ট্রেলারে হাজির টলিউডের ‘বস’ তথা সুপারস্টার জিৎ। দুই পৃথিবীর টাইটেল ট্র্যাকেই ধামাকাদার এন্ট্রি! বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ার কানাঘুষো, জিতের হাত ধরেই হবে ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চ। সেই জল্পনা সত্যি করেই এক মঞ্চে বাংলার দুই সুপারস্টার।
গায়ক, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই অভিনেতা জিতও দেবের প্রশংসায় পঞ্চমুখ। দেবের কেরিয়ারের কুড়ি বছরের গ্র্যান্ড সেলিব্রেশনে জিতের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। সেসব এখন অতীত। বরং দেবের ফোনে কেন আসতে রাজি হলেন সেই গল্প শোনালেন জিৎ। দেবকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন জিৎ। তাই যখন দেব ফোনে বলেছিলেন, পরিচালক হিসেবে ছোট ভাইয়ের নতুন জার্নিতে সাহস জোগাতে তখন আর না করা সম্ভব হয়নি। তাই ৮ বঅক্টোবর, কলকাতায় ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চে সকলের মাঝে উপস্থিত জিৎ।
সুপারস্টারের আগমনের আগে দেবও জিৎকে ‘বিগ ব্রো’ সম্বোধন করে এক স্মরণীয় ঘটনার কথা শেয়ার করেন। কেরিয়ারের শুরুতে যেখন শিয়ালদহের লজে থাকতেন তখন সেই লজ সংলগ্ন একটি সিনেমাহলে ‘বন্ধন’ দেখে জিতের সুদর্শন চেহারায় মোহিত হয়ে গিয়েছিলেন। নিজেকে কোনওদিন সেই জায়গায় দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিল।
আর আজ অভিনয় কেরিয়ারের গণ্ডি পেরিয়ে যখন পরিচালক হিসাবে নতুন জার্নি শুরু করলেন তখন সেই দেবকে সমর্থন করতে হাজির জিৎ। সহ অভিনেতা দেবের নির্দেশনায় কাজের ইচ্ছেপ্রকাশ করলেন জিৎ। ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ‘দুই পৃথিবী ২’-এর ইঙ্গিত দিলেন জিৎ। প্রাণখোলা হাসিতে গলা ফাটিয়ে বললেন, “দেবের ডিরেকশনে আমি দুই পৃথিবী ২-এ করাজ করতে চাই। দেশু ৭ হিট হলেই দুই পৃথিবী ২ আসবে।” মজা করে শুভশ্রী বলেন, “হিরোইন আমি হব।”
‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরবর্তী সিনেমার কথা ঘোষণা করলেন দেবও। তৈরি হবে, ‘টনিক ২’। সেই সঙ্গে আরও এক অকপট স্বীকারোক্তি, পরিচালক হিসেবে দায়িত্ব অনেক বেশি। আগামীতে আর পরিচালনার পথে পা বাড়াবেন না। কিন্তু, উপস্থিত ভক্তদের অনুরোধে শেষ পর্যন্ত মাথা নেড়ে সম্মতি জানান। এরপরই আনন্দের জোয়ার অনুরাগীমহলে। ট্রেলার লঞ্চের একটা পর্যায়ে ছিল প্রশ্নোত্তর পর্ব। শুভশ্রী দেবের কাছে জানতে চান, বিপদের দিনে কেন তাঁর নামটাই প্রথমে মনে হয়েছিল? তবে এর নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি।
সিনেমার প্রচারের প্রথম দিন থেকেই শুভশ্রীর কথা বলেছেন দেব। ফোন পেয়েই দুমিনিটের মধ্যে রাজি হয়েছিলেন শুভশ্রী। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে শুভশ্রীর পালটা প্রশ্নে দেবের উত্তর, “পুজোর সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তখন মনে হয়েছিল এটা শুভশ্রী ছাড়া সম্ভব নয়। আমি সবসময় বাংলা সিনেমার স্বার্থে কাজ করতে চেয়েছি। এই ছবির সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদেরকে কিন্তু, আমি বলেছিলাম আমার সঙ্গে কাজ করলে ব্যান হতে পারো। কিন্তু, আজ যে জায়গায় এসে পৌঁছেছি সেটা সত্যিই অবিশ্বাস্য।”
