Hashtagintro

ধর্মীয় ভাবাবেগে আঘাত! মুর্শিদাবাদের ‘ব্রেক আপ বাবা’ পুজোয় আপত্তি বজরং দলের

দুর্গাপুজো, কালীপুজো মিটতেই ভৈরব বা শিবপুজোকে কেন্দ্র করে মেতে ওঠে বহরমপুর। কার্তিক মাসের সংক্রান্তিতে ভৈরব পুজোর আয়োজন করা হয়। ‘ব্রেক আপ বাবা’, ‘বস বাবা’, ‘গালি বাবা’ ,‘ইমার্জেন্সি বাবা’, ‘লরি বাবা’, ‘টোটো বাবা’ ও ‘মোবাইল বাবা।’ এমনই নানা নামে ভৈরব পুজো হয়। আর তাকে ঘিরেই দানা বেঁধেছে ঘোর বিতর্ক। ভৈরব পুজোর নাম নিয়ে এবার আপত্তি জানাল বজরং দল। আগামিদিনে নাম পরিবর্তনের দাবিও জানানো হয়েছে।

বজরং দলের দাবি, ‘নিম বাবা’, ‘জট বাবা’ নামগুলিতে কোনও আপত্তি নেই। তবে দেবতার নামের ক্ষেত্রে ‘ব্রেক আপ’, ‘বস বাবা’, ‘গালি বাবা’ ,‘ইমার্জেন্সি বাবা’, ‘লরি বাবা’, ‘টোটো বাবা’ ও ‘মোবাইল বাবা’ নামেই যত আপত্তি। দেবতার সঙ্গে এই নামগুলি যুক্ত হলে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বলেই দাবি বজরং দলের। সে কারণেই এই নাম বদলের দাবি জানিয়েছে তারা। এরকম অদ্ভুত নামের পুজোর তালিকাও তৈরি করা হয়েছে। প্রায় ১৬টি ব্যতিক্রমী নামে ভৈরব পুজোর তালিকা তৈরি হয়েছে।

বজরং দলের জেলা সংযোজক প্রীতম দত্ত বলেন, “আমাকে আগে অনেকেই জানিয়েছিলেন, বহরমপুরের বেশ কিছু পুজো কমিটির নাম হাস্যকর। আমাকে পদক্ষেপ করতে বলেছিল। আমি প্রথমে সোশাল মিডিয়া থেকে কিছু নাম পাই। অনেক পুজো আছে, নাম অনেক রকম। নিমবাবা, পাকুড় বাবা এগুলো গাছের তলায় হয়। গাছের নাম অনুযায়ীই হয়। একটা পুজো কমিটির নাম ব্রেক আপ বাবা, সাইলেন্সর বাবা – এগুলো কি কোনওভাবে মেনে নেওয়া যায়?”

বজরং দলের এই আপত্তি নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে জোর সমালোচনার ঝড়। যাঁরা পুজোর সঙ্গে যুক্ত তাঁদের বক্তব্য, এলাকার মানুষ এই পুজোর সঙ্গে মিলেমিশে একাকার। তাই আলাদা করে এই নামগুলির ফলে কখনও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে না। বরং সাধারণ মানুষ বিষয়টি হালকা ছলেই নেন। যদিও বজরং দলের আপত্তি শেষমেশ পুজোর নাম পরিবর্তন হয় কিনা, সেটাই দেখার।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language