রিলসে এখনও বারবার ফিরে আসছে ‘বাবাটা’ ক্লিপ। কিন্তু নন্দিনী-রাজবীরের সেই মাখো মাখো প্রেম কি এবার বিগ বসের ঘরে ভেঙে খানখান হয়ে যাবে? সম্প্রতি যে ঝলক দেখা গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে নন্দিনীর দেওয়া আংটি হারিয়ে ফেলেছেন রাজবীর! নন্দিনীর কান্নাকাটি ঘিরে গুঞ্জন ছড়িয়েছে, তাহলে কি ভেঙেই যাবে তাঁদের প্রেম।
গত রবিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, দর্শকদের ভোটে দুর্গ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নন্দিনী দত্ত। এরপরই কান্নায় ভেঙে পড়েন রাজবীর দে-সহ অন্যান্যরা। দুর্গ ছাড়ার মুহূর্তে প্রেমিকাকে চুমুতে ভরিয়ে দেন রোমিও রাজবীর। যদিও এরপরই জানা যায়, আদলে এভিক্টেড হননি নন্দিনী। তাঁকে ২ দিন রাখা হয় সিক্রেট রুমে। মঙ্গলবার রাতে সেখান থেকে ভূতের বেশে ফেরানো হয় মূল দুর্গে। জানা যায়, বেশ কিছু পাওয়ার নিয়ে ফিরেছেন তিনি। নন্দিনী ফিরতেই স্বাভাবিকভাবেই আবেগ প্রবণ হয়ে পড়েন রাজবীর। জাপটে ধরে নন্দিনীকে চুমুতে ভরিয়ে দেন তিনি। কিন্তু সত্যিই কি রাজবীর খুশি হয়েছিলেন? এই ধন্দ দেখা দিয়েছে অনেকের মনে। ব্যাপারটা কী?
হাউসের অন্যান্য হাউসমেটরা দাবি করছেন তেমনটাই। আসলে নন্দিনী বেরিয়ে যাওয়ার পরে রাজবীর নাকি দাবি করছিলেন, এতদিন তিনি নাকি প্রাণ খুলে সকলের সঙ্গে কথা বলতে পারছিলেন না। বরং এখন অনেক হালকা লাগছে। মুক্তির স্বাদ পাচ্ছেন তিনি! আর তাই এবার নন্দিনী ফিরে আসায় রাজবীর নাকি মনঃক্ষুণ্ণ হয়েছেন। এতেই অবাক নেটিজেনরা। এই তো নন্দিনী সিক্রেট রুমে বসে রাজবীর সেফটিপিন খুলতে পারছেন না দেখে কেঁদে ভাসাচ্ছিলেন ‘বাবাটা’ বলে। হঠাৎ কী এমন হল যে সেই সম্পর্কের ভিতর থেকে বেরিয়ে আসছে বরফের কুচি!
এখানেই শেষ নয়। প্রকাশিত ঝলকে দেখা যাচ্ছে, নন্দিনীর নামের আদ্যক্ষর লেখা আংটি নাকি হারিয়ে ফেলেছেন রাজবীর। মনে করিয়ে দেওয়া যাক, এর আগে নন্দিনী রাজবীরকে আংটি দিয়েছিলেন। আবার রাজবীরও দিয়েছিলেন ব্রেসলেট। এহেন আংটি হারানোয় ভেঙে পড়েন নন্দিনী। রাজবীর প্রথমটা এড়িয়ে যেতে চাইলেও পরে মেনে নেন সত্যিটা আসলে কী। এদিকে নন্দিনী এরপর ভেঙেও পড়েন। বলে বসেন, রাজবীরের কাছে নাকি তাঁর কোনও মূল্যই নেই। আর এহেন ঝলক দেখেই অনেকে মনে করছেন এবার বোধহয় বহুলচর্চিত এই প্রেম ভেঙে যেতে চলেছে। আবার অনেকে মনে করছেন, যতই গোলমাল হোক, শেষ পর্যন্ত তা প্রেমের অন্তরায় হবে না। কী হয় সেটা জানতে অবশ্য আগামী এপিসোডের দিকেই তাকিয়ে থাকতে হবে। আপাত তা ছাড়া আর উপায় নেই।
