Hashtagintro

নিউজিল্যান্ডে গিয়ে ঘরের মাঠের স্বাদ! আগুনে ফর্মের রহস্য ফাঁস করলেন ভারতীয় পেসার

বৃষ্টি-বাদলায় খেলা-টেলা ভেস্তে গেলে ক্রিকেটের চেয়ে ক্রিকেট পারিপার্শ্বিকের বিষয়-আশয় অনেক বেশি মুখ্য হয়ে ওঠে। এই যেমন মঙ্গলবারের হ্যামিলটনে হল অংশুল কম্বোজকে ঘিরে। তীব্র বর্ষণের জেরে প্রথমে মাঠে এসেও হোটেলে ফিরে গেল টিম ইন্ডিয়ার বাস। তার পর বৃষ্টি কমে আসতে, টস ইত্যাদি হল বটে। কিন্তু ফের বৃষ্টি এসে যাওয়ায়, এক বলও না হয়ে পুরো খেলাটাই ভেস্তে গেল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে যে ভারতীয় পেসার সবচেয়ে বেশি প্রতিপক্ষকে ভুগিয়েছেন, তিনি হরিয়ানার অংশুল। তাঁর সুইং-সিমের সামনে বারবার অসহায় দেখিয়েছে কিউয়ি ব্যাটারদের। অথচ দেখতে গেলে, এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে এসেছেন অংশুল। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। তা হলে কোন মন্ত্রে তিনি এমন অসামান্য বোলিং করছেন? নিউজিল্যান্ডে খেলার কোনও রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়াই?

প্রশ্নটা শুনে হাসেন কম্বোজ। সম্প্রচারকারী সংস্থাকে বলেন, একটাই কারণে তাঁর নিউজিল্যান্ডে মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে না। কারণ, নিউজিল্যান্ডের পরিবেশের সঙ্গে শীতের হরিয়ানার মিল পাচ্ছেন তিনি। “তেরো বছর বয়স থেকে ক্রিকেট খেলছি। ভারতের ঘরোয়া ক্রিকেটে আমি হরিয়ানার হয়ে খেলি। নিউজিল্যান্ডের পরিবেশ, পিচ সব কিছুর সঙ্গে হরিয়ানার মিল পাচ্ছি,” বলে দিয়েছেন অংশুল। যিনি প্রথম দু’টো ওয়ানডে’তে দুই-দুই চার উইকেট নিয়েছেন। যথাক্রমে ২২ এবং ২৫ রান দিয়ে।

“পুরোটা নির্ভর করছে কতটা নিখুঁত আপনি বোলিং করতে পারছেন। সঙ্গে লাইন-লেংথও ভালো রাখা জরুরি। আমার ক্ষেত্রে এই ফর্মুলা কাজ দিচ্ছে। তাই সেটার উপরই মন দিচ্ছি আমি,” সঙ্গে যোগ করেছেন তিনি। ওয়ানডে সিরিজে নামার আগে ভারত ‘এ’-র হয়ে একটা ম্যাচ খেলেছিলেন কম্বোজ। যা তাঁকে সাহায্য করেছে। “আমি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চাইছিলাম। সঠিক লেংথ বুঝতে চেয়েছিলাম,” বলে দিয়েছেন ভারতীয় পেসার।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language