Hashtagintro

পথকুকুরদের অপহরণ! গাড়িতে সারমেয়দের তুলে নিয়ে যাচ্ছে কারা? শোরগোল বর্ধমানে

শহরের রাস্তা থেকে একের পর এক অপহরণ! বর্ধমান (Bardhaman) শহরের বিভিন্ন এলাকা থেকে পথকুকুরদের বড় গাড়িতে তুলে নিয়ে চম্পট দিয়েছে কেউ বা কারা। এই ঘটনায় উদ্বিগ্ন পশুপ্রেমী মহল ও স্বেচ্ছাসেবী সংস্থা। তারা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ জানতে পেরেছে, খাঁচা নিয়ে এসে ওই কুকুরগুলিকে তাতে ভরে নিয়ে যাওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটি চারচাকা গাড়িকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। কিন্তু কারা, কেন ওই কুকুরগুলিকে নিয়ে গিয়েছে, কোথায়ই বা তাদের নিয়ে যাওয়া হচ্ছে, সেসব জানতে মরিয়া পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

বর্ধমান জেলাশাসকের দপ্তরের সামনে রাস্তায় অনেক পথকুকুর রয়েছে। এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নিয়মিত দু’বেলা তাদের খাবার দেওয়া হয়। বৃহস্পতিবার খাবার দিতে এসে সেই কুকুরদের দেখা না পেয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানায় ও পশুপ্রেমী সংগঠনটি। স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রিনা দাঁ বলেন, ‘‘জেলাশাসকের কার্যালয় ও জেলা পরিবহণ দপ্তরের সামনে থেকে ১২টি পথকুকুর নিখোঁজ হয়ে গিয়েছে। খাবার দিতে যাওয়া ব্যক্তিরা কুকুরগুলিকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপরই আমরা বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানাই।” সংস্থার তরফে পথকুকুরদের খাবার দেওয়া হয়। তারা অসুস্থ হলে চিকিৎসা, প্রয়োজনে তাদের পশু হাসপাতালে নিয়ে গিয়েও চিকিৎসা করা হয়। এছাড়াও নিয়মিত ভ্যাকসিন বা কৃমির ওষুধ খাওয়ানো হয়।

এই গাড়িতেই কুকুরদের নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি, ছবি: সিসিটিভি

সেই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আরও জানতে পেরেছেন, কোনও পেশাদার ব্যক্তিরা একটি গাড়িতে কুকুরগুলোকে তুলে নিয়ে গেছে। এটি প্রাণীদের অধিকারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত অপরাধ বলে মনে হচ্ছে। বর্ধমানের শাঁখারীপুকুর এলাকাতেও এমনটি ঘটেছে বলে জানা গিয়েছে। যদি চিকিৎসা বা আরও ভালোভাবে রাখার উদ্দেশ্যে তাদের নিয়ে যাওয়া হয় তাহলে তা প্রশংসনীয়। কিন্তু কারা কেন কোথায় নিয়ে গেল সেটা বুঝতে পারছেন না। তাই তাদের খবর পেতেই জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করে একটি গাড়িকে চিহ্নিত করেছে। কোন উদ্দেশে কুকুরগুলিকে নিয়ে গিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language