ভেঙে যাচ্ছে বারুইপুরের পুরবোর্ড। মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান থেকে কাউন্সিলররা। আর্থিক সমস্যার কারণে পুরসভার কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না। রাস্তাঘাটের কাজ ও প্রশাসনিক কাজকর্ম চালাতে হিমশিম খেতে হচ্ছে বোর্ডকে। তাতেই মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে পদত্যাগের সিদ্ধান্ত।
পুরসভার তরফে জানানো হয়েছে, গত সাড়ে ছ’মাস ধরে আর্থিক অসচ্ছলতা জেরে জেরবার পুরসভা। আটকে যাচ্ছে কর্মচারীদের বেতন। রাস্তাঘাট এবং প্রশাসনের কাজকর্ম চালাতে একাধিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলে দাবি। এছাড়াও বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে অনেক কাউন্সিলর বিভিন্ন মামলায় জর্জরিত। দাবি, সকলের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কাজ করতে পারছেন না তাঁরা।
সমস্যা দেখা দেওয়ার পরই বিষয়টি আলোচনা করা হয়। আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে অর্থাৎ নভেম্বর মাসের শেষ থেকে তাঁরা পদত্যাগ করবেন। পদাধিকারীরা জানাচ্ছেন, এই সিদ্ধান্তে তাঁরা নিজেরাও হতাশ, কিন্তু তাঁদের কাছে অন্য কোনও উপায় নেই বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে শেষ বোর্ড মিটিং ডাকা হয়েছে। সেই বোর্ড মিটিংয়েও এই সিদ্ধান্তের কথা জানানো হবে। এরপর একটি নির্দিষ্ট দিন দেখে মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে। এরপর নিয়ম অনুসারে, প্রশাসক বসবে। ভোট না হওয়া পর্যন্ত প্রশাসক বসিয়েই কাজ হবে।
