Hashtagintro

প্রথমপক্ষের স্বামীর কাছে ফেরা নিয়ে অশান্তি! বড় ছেলের সামনেই দ্বিতীয়পক্ষের একরত্তিকে ‘খুন’, গ্রেপ্তার মা

দ্বিতীয়পক্ষের দুই বছরের শিশুপুত্রকে গলা টিপে ‘খুন’ করেছিল মা। বাড়ির পাশের পুকুরে সেই দেহ ফেলে দেওয়ার ফন্দিও এঁটেছিল! প্রথমপক্ষের ১২ বছরের পুত্র সন্তানের সামনেই দ্বিতীয়পক্ষের ওই একরত্তিকে মারা হয়! কিশোর ছেলেকে মুখবন্ধ করে রাখতে বলেছিল মা। শেষপর্যন্ত সেই ১২ বছরের সন্তানই সব ঘটনা বাড়ির লোককে বলে দেয়। হতবাক পরিবার পুলিশকে খবর দেয়। পুলিশ গ্রেপ্তার করেছে ওই যুবতীকে। ধৃতের নাম কেতকী হালদার। সোমবার রাতে হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার উত্তর দুর্গাপুর গ্রামে।

অভিযোগ, দু’বছরের শিশুপুত্র রক্তিম হালদারকে খুন করেছে তার মা কেতকী হালদার। খুন হওয়া শিশুর বাবা রমেশ হালদারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে কেতকী হালদারকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহিত কেতকীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর রমেশের। রমেশ ও কেতকী আগে দু’জনেই বিবাহিত ছিল। কেতকীর আগের পক্ষের ১২ বছরের এক নাবালক শিশুপুত্রও রয়েছে। প্রথমপক্ষের স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ওই নাবালক শিশুপুত্রকে নিয়েই বেশ কয়েক বছর আগে রমেশকে বিয়ে করেছিলেন কেতকী। রমেশও প্রথমপক্ষের স্ত্রীকে ছেড়ে কেতকী ও তাঁর সন্তানকে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন।

Mother kills 2 year-old child in Mathurapur
ঘটনায় শোকে পাথর রমেশ। নিজস্ব চিত্র

রমেশ-কেতকীর সন্তান ছিল রক্তিম। অভিযোগ, আগের পক্ষের ১২ বছরের সন্তানের সামনেই এপক্ষের সন্তান রক্তিমকে গলা টিপে খুন করেন মা কেতকী। পরিবারের দাবি, দু’বছরের শিশুসন্তানকে খুন করে বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার ফন্দি এঁটেছিলেন ওই বধূ! ছোটভাইকে খুন ও পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনার কথা পরিবারের অন্যদের না জানাতে ছেলেকে বলেছিলেন মা! যদিও ওই ঘটনার কথা আতঙ্কিত কিশোর অন্যদের জানিয়ে দেয়। ওই শিশুর মৃতদেহ উদ্ধার হয়।

মথুরাপুর থানার পুলিশ কেতকীকে গ্রেপ্তার করেছে। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে। কিন্তু কেন ওই একরত্তিকে খুন করা হল? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রথমপক্ষের স্বামীর সঙ্গে কোনওভাবে ফের যোগাযোগ শুরু হয়েছিল কেতকীর। দুজনের মধ্যে মোবাইলে কথাও হত। তাহলে কি দ্বিতীয়পক্ষকে ছেড়ে প্রথমপক্ষের কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কেতকী? সেজন্য ছোট সন্তানকে সরিয়ে দেওয়া? সেই প্রশ্ন উঠছে। পুলিশ হেফাজতে নিয়ে সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত মাকে জেরা করেই এই হত্যারহস্যের জট খোলা যাবে বলে নিশ্চিত তদন্তকারীরা। কালীপুজোর সময় এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language