Hashtagintro

ফর্ম ৬, ৭ ও ৮ পরিবর্তন করতে পারে না কমিশন, ফের এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশন ফর্ম ৬, ৭ ও ৮ পরিবর্তন করতে পারে না। (ভোটার তালিকায় নাম তোলা, বাদ দেওয়া বা সংশোধনের কাজে এই ফর্মগুলি ব্যবহার হয়ে থাকে।) বুধবার দিল্লির এসআইআর সংক্রান্ত একাধিক মামলার শুনানিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এইসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চের প্রশ্ন, যাঁদের নাম আগেই ভোটার তালিকায় ছিল, তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য কেন ‘ফর্ম ৬’ পূরণ করতে বলা হচ্ছে? শীর্ষ আদালত মন্তব্য করে, ফর্ম ৬ পূরণ করে শুধুমাত্র নতুন ভোটাররাই নাম তুলতে পারেন।

বুধবার মামলা উঠেছিল প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। ‘ফর্ম ৬’ সংক্রান্তের প্রশ্নের পাশাপাশি তিন বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, দিল্লিতে অদূর ভবিষ্যতে কোনও নির্বাচন না থাকা সত্ত্বেও কমিশন কেন ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে জোর দিচ্ছে। কমিশনকে শীর্ষ আদালতের পরামর্শ, “নতুন করে নাম তোলার জন্য কোনও চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করবেন না।”

যে ভোটাররা বিভিন্ন কারণে তাদের তথ্য সংগ্রহের ফর্ম (এনুমারেশন ফর্ম) জমা দিতে পারেননি, তাঁদের জন্য সহজ সমাধানের পথ বের করতেও কমিশনকে প্রস্তাব করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। সুপ্রিম কোর্টের বক্তব্য, “যদি এমন কোনও ব্যক্তি, যাঁর নাম আগে ভোটার তালিকায় ছিল, এখন আর নেই, তাঁকে ‘নতুন ভোটার’ হিসেবে গণ্য না করে তাঁর পরিস্থিতির সঙ্গে মানানসই একটি সমাধান খুঁজে বের করা উচিত।”

মামলাকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দেন, বহু ভোটার হয় তালিকাভুক্তির ফর্ম পাননি অথবা বিভিন্ন কারণে সেগুলো জমা দিতে পারেননি। এর মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন, যাঁরা হয়তো কোনও কারণে দিল্লির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তরিত হয়েছেন। বিচারপতিরা মনে করিয়ে দেন, ফর্ম ৮ হল ঠিকানা পরিবর্তনের জন্য, আর ফর্ম ৬ নতুন ভোটার নিবন্ধনের জন্য। অতএব, যাঁদের নাম আগে ভোটার তালিকায় ছিল, তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম ৬ জমা দেওয়ার জন্য চাপ দেওয়া অযৌক্তিক।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্বাচন কমিশনের দাবি নস্যাৎ করে বলেছিল, ফর্ম ৬-এর পরিবর্তনের কোনও অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তা-ও জানতে চায় শীর্ষ আদালত।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language