Hashtagintro

ফুলের জলসায় ছুটির আমেজ! গাঁদার গালিচায় মোড়া হিমালয়ের কোলে এই নির্জন গ্রাম আপনারই অপেক্ষায়

শহরে হালকা শীতের আমেজ। এই সময় কাছে কিংবা দূরে, না বেড়িয়ে এলেই নয়! তবে, সেই চিরচেনা পর্যটনকেন্দ্র নয়, বেছে নিতে পারেন নির্জন কোনও পাহাড়ি গ্রাম। যেখানে পাহাড়ের বুকে দাঁড়িয়ে প্রাণভরে নিশ্বাস নেবেন আপনি। চোখের সামনে ধরা দেবে হিমালয়ের অপার সৌন্দর্য! এমন গ্রাম আছে নাকি? আলবাত আছে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় রয়েছে এমনই এক ঠিকানা। নাম তার খাড়কা গাঁও। পোস্টকার্ডের ছবির মতো সুন্দর এই গ্রামটি পরিচিত তার গাঁদা ফুলের বাহারের জন্য। প্রকৃতিপ্রেমী এবং নির্জনতাপ্রিয় ভ্রমণার্থীদের কাছে এ যেন এক আশ্চর্য স্বর্গ!

ছবি: সংগৃহীত

কেন যাবেন এই গ্রামে?
কালিম্পং শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি। ডেলোর খুব কাছেই এর অবস্থান। চারপাশে সবুজের সমারোহ। তার মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে হিমালয়। শহরের কোলাহল ছেড়ে যাঁরা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান, তাঁদের জন্য এই জায়গাটি সেরা। তবে খাড়কা গাঁওয়ের আসল আকর্ষণ অন্যত্র। ফুলের মরশুমে এই গ্রামের চেহারাটাই বদলে যায়। রাস্তার দু’ধার এবং আশপাশের এলাকা ভরে ওঠে রং-বেরঙের গাঁদা ফুলে। হলুদ আর কমলার আভায় সেজে ওঠে গোটা গ্রাম।

কী কী দেখবেন?
শুধু ফুল নয়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ের অন্যান্য শৃঙ্গের দৃশ্যও মনোরম। ভোরের সূর্যোদয় এবং বিকেলের সূর্যাস্ত এখান থেকে অসাধারণ দেখায়। যাঁরা ফটোগ্রাফি ভালোবাসেন, তাঁদের ক্যামেরার লেন্সে ধরা পড়বে প্রকৃতির নানা রূপ। পাখিপ্রেমীদের জন্যও এই গ্রাম স্বর্গরাজ্য। এখানে দেখা মেলে নানা প্রজাতির পাখির। হোয়াইট-ব্রাউড শ্রাইক-ব্যাবলার, ব্লু-থ্রোটেড বারবেট এবং রেড-ভেন্টেড বুলবুলের মতো পাখির দেখা মেলে অনায়াসেই। সবুজ প্রকৃতি, পাহাড় আর রঙিন ফুলের সমাহার গ্রামটিকে এক মায়াবী রূপ দেয়।

ছবি: সংগৃহীত

কোথায় থাকবেন?
অফবিট গন্তব্য হওয়ায় এখানে বড় হোটেল বা রিসর্ট নেই। থাকার জন্য ভরসা স্থানীয়দের তৈরি হোমস্টে। সাধারণ সুযোগ-সুবিধা যুক্ত এই হোমস্টেগুলিতে থাকলে গ্রামের জীবনযাত্রাকে খুব কাছ থেকে দেখার সুযোগ রয়েছে। স্থানীয়দের আন্তরিক আতিথেয়তা এবং নির্জন পরিবেশে মন ভালো হতে বাধ্য। খাড়কা গাঁও যাওয়ার সেরা সময় হল জানুয়ারি থেকে এপ্রিল মাস। এই সময় আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে। তাপমাত্রা ঘোরাফেরা করে ১৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে ঘুরে বেড়ানো এবং বাইরের প্রকৃতি উপভোগ করার জন্য এটিই আদর্শ সময়। শীতকালে এখানে বেশ ঠান্ডা পড়ে। আর বর্ষাকাল এড়িয়ে চলাই ভালো। কারণ, ভারী বৃষ্টিতে ধস নামার আশঙ্কা থাকে এবং রাস্তাঘাটও বিপর্যস্ত হয়ে পড়ে।

ছবি: সংগৃহীত

কীভাবে যাবেন?
যাতায়াতের ব্যবস্থাও বেশ সহজ। সড়কপথে কালিম্পং শহর থেকে গাড়িতে খাড়কা গাঁও পৌঁছতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। তবে তা রাস্তার অবস্থার উপর নির্ভর করে। শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি (এনজেপি) বা বাগডোগরা থেকেও সরাসরি ট্যাক্সি ভাড়া করে এখানে আসা যায়। নিকটতম বিমানবন্দর বাগডোগরা এখান থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। আর নিকটতম বড় রেলস্টেশন নিউ জলপাইগুড়ির দূরত্ব প্রায় ৭৮ কিলোমিটার। স্টেশন বা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে খাড়কা গাঁও পৌঁছতে সময় লাগে প্রায় তিন থেকে চার ঘণ্টা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language