বউদি দেওরের সম্পর্ক অত্যন্ত মিষ্টি। অথচ সেই ডাকই এবার বর্জনের আহ্বান মুর্শিদাবাদ বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিষ্ণুচরণ শিকদারের। এই সম্পর্কের জেরে সমাজের নানা ক্ষতি হয় বলেই মত তাঁর।
দিনকয়েক আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই বিজেপি নেতা এই আর্জি জানান। তিনি বলেন, “বউদি এবং ভাবী কালচার খতম করতে হবে। এই বউদি এবং ভাবী থেকে সমাজে অনেকে নোংরা জুটে যায়। নোংরা এসে যায়। একেবারে আপন। মামাতো দেওর, পিসতুতো দেওর ছাড়া কেউ কাউকে বউদি বলবে না।” বউদি-ভাবীর পরিবর্তে কী নামে ডাকতে হবে, তাও স্পষ্ট করেন বিজেপি নেতা। তাঁর কথায়, “মেয়েটা বলবে তুমি আমার দাদার মতো আমাকে বোন বলবে। আমার নাম স্বপ্না বা রোহিমা। স্বপ্না, রোহিমা বলে ডাকবে। আর যদি ছোট হয় ডেকে বলতে হবে, ভাই এদিকে আয়, আমি তোর বউদি হই না। আমি তোর দিদি রে। তুই আমাকে দিদি বলে ডাকবি। আজ থেকে যেন তোর মুখে বউদি না শুনি। মেয়েরাই বলবে এটা। আমরা সবাই মিলে বউদি, ভাবী কালচার খতম করব।”
এছাড়া তরুণ যুবকদের উদ্দেশে ‘বন্ধু কালচার’ বন্ধেরও ডাক দিয়েছেন। তাঁর পরামর্শ, “কোনও বন্ধুকে বাড়ি নিয়ে যাবে না। যদি কেউ ফোন করে বলে কোথায় আছিস? তুমি বললে বাড়িতে। সে বলল বাড়ি যাচ্ছি। বলবে না। চায়ের দোকান, মন্দির যেখানে হোক অপেক্ষা কর। আমি যাচ্ছি। গিয়ে কথা বলবে। এই বন্ধু কালচারও বন্ধ করতে হবে। এই বন্ধু কালচার ধ্বংস করতে হবে ধীরে ধীরে। তবেই সমাজের খারাপ জিনিস, সমাজের অবক্ষয় বন্ধ হবে।” বিজেপি নেতার এই দাবি স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। কেউ কেউ বলছেন, বউদি দেওরের সম্পর্ক অত্যন্ত মিষ্টি মধুর সম্পর্ক। তাকে এতটা বাঁকা নজরে না দেখা উচিত। তবে কেউ কেউ বিজেপি নেতার মন্তব্যকে সমর্থন করেছেন।