এক সঙ্গে থাকলে টুকটাক অশান্তি, কথা কাটাকাটি খুব স্বাভাবিক বিষয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, সামান্য ইস্যুকে কেন্দ্র করেই ভয়ংকর আকার নেয় দাম্পত্য কলহ। গবেষণা বলছে, অধিকাংশ দাম্পত্য অশান্তির নেপথ্যে থাকে একেবারে বোকা বোকা কিছু বিষয়। যা আদতে ঝগড়ার কারণ হতেই পারে না। সঙ্গীর সঙ্গে আপনিও সেই বোকা বোকা কারণেই ঝগড়া করেন না তো? চলুন আজ জেনে নেওয়া যাক, সেই সামান্য কারণগুলো কী কী।
১. এখন এক ক্লিকেই সকলের হাতের সামনে পৌঁছে যায় পছন্দের খাবার। হয়তো আপনারা ঠিক করলেন রাতের খাবার অনলাইনে অর্ডার করবেন। আপনার ইচ্ছে পিৎজা, সঙ্গী হয়তো অন্য কিছু খেতে চান। এটাও কখনও কখনও হয়ে ওঠে অশান্তির কারণ। এরপর দেখা যায়, ১ ঘণ্টা বিভিন্ন খাবার দেখে অধিকাংশই এমন কিছু অর্ডার করেন, যা হয়তো আগের দিনই খেয়েছেন।
২. স্বামী-স্ত্রী এক কম্বলে ঘুমোনোই খুব স্বাভাবিক। দেখা গেল, ঘুমের ঘোরে একজন বেশিরভাগ অংশটাই টেনে নিলেন নিজের দিকে, অন্যজন ঠান্ডায় জেগে উঠলেন! ব্যস, শুরু অশান্তি। যদিও সকালে উঠে আর কেউই মনে রাখেন না এই মিষ্টি ঝগড়া।

৩. দুজন হয়তো নিজেদের পছন্দের আলাদা পদ খাচ্ছেন। সঙ্গী হঠাৎই আপনার প্লেট থেকে তুলে নিল কিছু। তাতেও ঝগড়া দেখা যায় প্রায় প্রতি ঘরে।
৪. মহিলাদের সাজতে যে একটু বেশি সময় লাগে, তা বলাই বাহুল্য। সঙ্গী হয়তো ৫ মিনিট বলে ২৫ মিনিট ধরে আপনাকে অপেক্ষা করাচ্ছেন। এক পর্যায়ে আপনার ধৈর্যের বাধ ভাঙতে বাধ্য। ব্যস, তা নিয়ে তুলকামাল প্রায় সব ঘরেই দেখা যায়।
৫. একসঙ্গে সিনেমা দেখার প্ল্যান করেছেন ঘরে। এবার কী দেখা হবে, তা নিয়ে আলোচনা শুরু করতেই দেখলেন পছন্দ দুজনের একেবারে আলাদা। ফলে সিনেমা বাছতে গিয়েই দীর্ঘ সময় কাটিয়ে ফেললেন। কথা কাটাকাটি তো হলই। যদিও এই অশান্তি গুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয় না।
