Hashtagintro

বদ্ধঘরে অফিস তো অনেক হল, এবার পার্কে বসেই কাজ! এমন উদ্যোগ কোন শহরে?

অফিসে বসে ল্যাপটপে চোখ গুঁজে কাজ করতে করতে ক্লান্ত! এসির হিমেল হাওয়ায় দমবন্ধ হয়ে আসা কর্পোরেট জীবন আর ভালো লাগছে না? অথচ শহরের ভিড় ছেড়ে প্রকৃতির কোলে বসে কাজ করার দারুণ এক সুযোগ রয়েছে হাতের নাগালেই। কী অবাক হচ্ছেন? সম্প্রতি মরুশহরে শুরু হয়ে গেল অভিনব ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ সংস্কৃতি।

ছবি: সংগৃহীত

ব্যাপারটা ঠিক কী?
দুবাই মিউনিসিপ্যালিটির হাত ধরে সম্প্রতি শহরের জনপ্রিয় আল বারশা পন্ড পার্কে চালু হয়েছে দেশের প্রথম এই বিশেষ ব্যবস্থা। লেকের শান্ত জলরাশি, নরম সবুজ ঘাস আর মাথার উপর খোলা নীল আকাশ—সব মিলিয়ে কর্পোরেট ডেস্কের চেনা ছবিটা এ বার পুরোপুরি পালটে গেল। ‘লেটসওয়ার্ক’ ও ‘গ্রুপ আমানা’-র মতো সংস্থার যৌথ উদ্যোগে তৈরি এই মুক্তাঞ্চল আধুনিক পেশাদারদের জন্য এক দারুণ চমক বইকি! সম্প্রতি ২ নভেম্বর এই চমৎকার ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল।

ছবি: সংগৃহীত

হাতের নাগালেই সব সুবিধা
অবিশ্যি ল্যাপটপের চার্জ নিয়ে দুশ্চিন্তা হতেই পারে। তবে, খোলা আকাশের নিচে আপনার কাজ করার মুডে জল ঢালতে পারবে না কেউই। পার্কে বসেই হাই-স্পিড ওয়াই-ফাইয়ের সঙ্গে মিলছে ল্যাপটপ বা ফোন চার্জ করার পাওয়ার পয়েন্ট। কোনও রকম আগাম বুকিং বা ভাড়া ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে পার্কের খোলা চত্বরে কাজ করার এই সুবিধা যে কাউকেই টানবে।

তীব্র গরমের কথা মাথায় রেখেও রয়েছে দারুণ সব পরিকল্পনা। বাইরে কুলিং সিস্টেম এবং ওয়েদার-প্রুফ বসার জায়গার পাশাপাশি যাঁদের একটু এসির হাওয়া চাই, তাঁদের জন্য রয়েছে আধুনিক ইনডোর হাব। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকা এই পরিসরে কাজের ফাঁকে হাঁপ ছাড়ার দারুণ সুযোগ। এক ক্লিকেই লেটসওয়ার্কের অ্যাপ, ওয়েবসাইট কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করে নেওয়া যায় পছন্দের স্পট।

ছবি: সংগৃহীত

শুধু কাজ নয়, পরিবারকেও সময় দিতে পারবেন
শুধু ল্যাপটপ খুলে আর কাজ নয়। এই উদ্যোগ বদলে দিতে চলেছে আপনার লাইফস্টাইলের সংজ্ঞা। ভার্চুয়াল দুনিয়ার গণ্ডি পেরিয়ে সমমনস্ক পেশাদারদের সঙ্গে মুখোমুখি আড্ডা আর নেটওয়ার্কিং বাড়ানোর সেরা মঞ্চ এখন এই পার্ক। কাজের ফাঁকে একটু দৌড়নো, টেনিস বা ফুটবল খেলার রোমাঞ্চ তো রয়েছেই। তা ছাড়া অফিসের কাজের চাপে পরিবারকে সময় দিতে না পারার আক্ষেপও এবার ঘুচবে। বাবা-মায়েরা সন্তানদের পার্কে খেলতে পাঠিয়ে নিশ্চিন্ত মনে ঠিক পাশে বসেই সেরে নিতে পারবেন জরুরি প্রজেক্টের কাজ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language