দেখতে দেখতে প্রায় দু’সপ্তাহ হয়ে গিয়েছে। এখনও বক্স অফিসে অব্যাহত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-ঝড়! রামের ভূমিকায় রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশের অভিনয়ে মুগ্ধ আমজনতা। এই ছবি যে দর্শকমনে ঝড় তুলবে সেটা খানিকটা প্রত্যাশিতই ছিল। কিন্তু কালেকশনের বিপুল অঙ্ক যেন সেই প্রত্যাশাকেও দশ গোল দেবে। বারো দিনেই ছবিটি ‘ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র মতো ব্লকবাস্টারগুলির বিশ্বব্যাপী ‘লাইফটাইম’ কালেকশনকে পিছনে ফেলে দিয়েছে। সামনেই ‘পুষ্পা ২’। বিশেষজ্ঞদের মতে, আল্লু অর্জুনের ছবিটিকেও টেক্কা দেওয়া স্রেফ সময়ের ব্যাপার।
তবে তেরো নম্বর দিনের টিকিট বিক্রির পরিসংখ্যান কিন্তু আগের দিনগুলির চেয়ে কিছুটা কম। যা মুক্তির এতদিন পরে হয়তো স্বাভাবিকও। সব মিলিয়ে দেশে ছবিটির গ্রস কালেকশন ৯৮১ কোটি ১০ লক্ষ টাকা। নেট কালেকশন ৮২০ কোটি ৯৫ লক্ষ টাকা। এদিকে বিদেশের মাটিতেও ৫০২ কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলেছে ছবিটি। বিশ্বব্যাপী কালেকশন দাঁড়িয়েছে ১৪৮৩ কোটি ১০ লক্ষ টাকা! বলে রাখা ভালো, ধুরন্ধর’, ‘আরআরআর’, ‘কেজিএফ চ্যাপ্টার ২’-র ক্ষেত্রে এই অঙ্কটা যথাক্রমে ১৩০৭ কোটি ৩৫ লক্ষ, ১২৩০ কোটি, ১২১৫ কোটি। ‘রামায়ণ’-এর ঠিক সামনেই ‘পুষ্পা ২’। যার বিশ্বব্যাপী গ্রস কালেকশন ১৭৪২ কোটি ১০ লক্ষ টাকা। প্রথম তিনটি ছবি ‘দঙ্গল’, ‘ধুরন্ধর ২’, ‘বাহুবলী ২’। দেখার, পরবর্তী সময়ে এই ছবিগুলিকেও পিছনে ফেলতে পারে কিনা ‘রামায়ণ’।
পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন রণবীররা। বেশ কয়েকটি দেশের আমজনতা রামায়ণের সঙ্গে পরিচিত। কোনও দেশের পাঠ্যক্রমে রয়েছে রামায়ণ মহাকাব্য। এমনকী সেই দেশগুলিতে রামায়ণের নিজস্ব রূপও বেশ প্রচলিত। যেমন থাইল্যান্ডে রয়েছে রামাকিয়েন। ভগবান রামকে নিয়ে লেখা গ্রন্থের সিনে-রূপ দেখতে ভিড় জমিয়েছেন থাইল্যান্ডবাসী। অতীতে কোনও ভারতীয় সিনেমা থাইল্যান্ডে এত টাকার ব্যবসা করেনি। প্রত্যাশিতভাবেই নেপাল এবং শ্রীলঙ্কায় দারুণ ব্যবসা করেছে রামায়ণ। কারণ এই দুই দেশের একাধিক স্থানের উল্লেখ রয়েছে বাল্মিকির লেখনীতে। কম্বোডিয়াতেও ছবিটা একইরকম।
