দলের নিচুতলার নেতা-কর্মীদের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ নিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বুথ থেকে মণ্ডল স্তরে সাংগঠনিক পদে থাকা নেতা-কর্মীদের বিরুদ্ধে তেলাবাজি, দখলদারি-সহ একাধিক অভিযোগ জমা পড়ছে দলীয় দপ্তরে। ইতিমধ্যেই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। শোকজ, সতর্কবার্তা, সাসপেন্ড থেকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু তারপরও তোলাবাজি-দখলদারি নিয়ে নিচুতলায় অভিযোগ বেড়েছে। তাই বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে, যাঁরা দলের শৃঙ্খলাপরায়ণতা থেকে বিচ্যুত, যাঁদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এলাকাতেও যাঁদের গ্রহণযোগ্যতা নেই, সেসব নেতাদের মণ্ডল ও বুথ কমিটি থেকে সরিয়ে সেখানে ‘ফ্রেশ ও দক্ষ সংগঠক’ নিয়ে আসা।
বিজেপিতে ১৩০০-র বেশি মণ্ডল কমিটি রয়েছে সারা রাজ্যে। এখনও পর্যন্ত যা খবর, এর মধ্যে পাঁচশোর বেশি মণ্ডল কমিটির সভাপতি বদল হতে পারে। তারপর বুথ কমিটিতেও আমূল পরিবর্তন করা হবে। নতুন বছরের শুরুতেই জেলাস্তরে সংগঠনের সমস্ত ধাপে রদবদল সেরে নিতে চায় গেরুয়া শিবির।
শুধু তাই নয় যাঁদের নতুন করে পদে নিয়ে আসা হবে, তাঁদের ভাবমূর্তিও স্বচ্ছ হবে। আর সেই পথে হাঁটতে সাংগঠনিক নিয়মমতো দ্রুত আগে মণ্ডল ও পরে বুথস্তরে নতুন কমিটি তৈরি করে নিতে চাইছে বঙ্গ বিজেপি। একইসঙ্গে উদ্দেশ্য, দলের নিচুতলার রাশ শক্ত হাতে ধরে রাখা। তাই নতুন বছরের শুরুতেই জেলাস্তরে সংগঠনের সমস্ত ধাপে রদবদল সেরে নিতে চায় গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলা এখন বিজেপির লক্ষ্য। রাজ্যে এখন দল ক্ষমতায়, তাই প্রশাসন ও সংগঠনের মধ্যে দায়িত্ব ভাগ করা এবং নতুন নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয় করার রাজ্য শাখাকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
ইতিমধ্যেই রাজ্য কমিটিতে এবং রাজ্য মোর্চা, সংখ্যালঘু সেল ও বিভাগে সাংগঠনিক রদবদল হয়ে গিয়েছে। একাধিক জেলায় সভাপতি বদল হয়েছে। আরও চার জেলায় সভাপতি বদল হবে বলে খবর। বাংলায় দল ক্ষমতায় আসার পর গত দু’মাসে নিচুতলায় যে সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের মধ্যে একাধিক নেতাকে নতুন কমিটিতে রাখা হবে না। বিজেপিতে ১৩০০-র বেশি মণ্ডল কমিটি রয়েছে সারা রাজ্যে। এখনও পর্যন্ত যা খবর, এর মধ্যে পাঁচশোর বেশি মণ্ডল কমিটির সভাপতি বদল হতে পারে। তারপর বুথ কমিটিতেও আমূল পরিবর্তন করা হবে।
বিজেপি নেতৃত্বের দাবি, ক্ষমতার হাত বদলের পরে তৃণমূলের বিভিন্ন স্তর থেকে বেনোজলের মতো বহু কর্মী-নেতা দলে ঢুকে পড়েছে, আরও অনেকে ঢোকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বারবার তা আটকানোর বার্তা দিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। আবার ক্ষমতায় থাকাকালীন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বের যে দায়িত্বশীল ভূমিকা যেটা হওয়া উচিত, অনেক ক্ষেত্রেই তা দেখা যাচ্ছে না। নিচুতলায় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগও বেড়ে চলেছে একাংশের বিরুদ্ধে। সব দেখেশুনে আগামীর কথা ভেবে নিচুতলা থেকে সংগঠন মজবুত করতে ও দায়িত্বশীল নেতৃত্বকে পদে আনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।