অবিবাহিতা হয়েও সিঁদুর পরে ছটপুজো! বিতর্কের শিরোনামে অক্ষরা সিং। সোশাল পাড়ায় আধ্যাত্মিক মূহূর্ত ভাগ করে নিতেই ভোজপুরী অভিনেত্রীকে উত্তরোত্তর কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে। একাংশের প্রশ্ন, বিয়ে না করেও কেন নাকে কমলা সিঁদুর টেনে ছটপুজোর রীতি পালন করছেন অক্ষরা? আর নেটভুবনে এহেন সমালোচনার শিকার হতেই পালটা নিন্দুকদের ঝাঁজালো জবাব কষালেন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী।
‘একজন অবিবাহিত নারী কীভাবে এই আচার-অনুষ্ঠান পালন করতে পারেন?’ কেউ বা কটাক্ষ করে লিখেছেন, ‘এসব শুধুমাত্র লাইমলাইটে থাকার স্ট্র্যাটেজি।’ আর তাতেই ক্ষিপ্ত অক্ষরা।
সমালোচকদের ঢিলে নিন্দুকদের উদ্দেশে অক্ষরার পালটা পাটকেল, অবিবাহিত পুরুষদের যদি ছটপুজোর আচার-অনুষ্ঠান পালনের অনুমতি থাকে, তাহলে অবিবাহিত মহিলাদের কেন সেক্ষেত্রে বাধা দেওয়া হবে? ধর্মীয় আচার-অনুষ্ঠানে অবিবাহিত পুরুষ এবং নারীদের জন্য যে ভিন্ন মানদণ্ড রয়েছে, তারও তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী। অক্ষরা সিংয়ের প্রশ্ন, “ছটপুজো তো সূর্যদেব এবং ছট মায়ের জন্য চার দিনব্যাপী এক হিন্দু উৎসব, সেক্ষেত্রে আমার ধর্মীয়বিশ্বাস বিচারের অধিকার আপনাদের কে দিয়েছে?”
অক্ষরার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, শাড়ি পরে নিয়মমাফিক জলে দাঁড়িয়ে হাতে কুলো নিয়ে একমনে প্রার্থনা করছেন তিনি। নাক থেকে কপাল পর্যন্ত টানা কমলা সিঁদুর। তা দেখেই নেটভুবনের একাংশ প্রশ্ন ছুড়েছেন, ‘একজন অবিবাহিত নারী কীভাবে এই আচার-অনুষ্ঠান পালন করতে পারেন?’ কেউ বা কটাক্ষ করে লিখেছেন, ‘এসব শুধুমাত্র লাইমলাইটে থাকার স্ট্র্যাটেজি।’ আর তাতেই ক্ষিপ্ত অক্ষরা। পালটা জবাব ছুড়তেও ছাড়েননি অভিনেত্রী। তাঁর মন্তব্য,
“আমি ছট মায়ের কাছে প্রার্থনা করছিলাম, কিন্তু কিছু লোক আমার বিয়ে নিয়ে বেশি চিন্তিত বলে মনে হল। তারা জিজ্ঞাসা করতে শুরু করল, আমি কবে বিয়ে করব? আমারও একটি প্রশ্ন আছে- যদি একজন অবিবাহিত পুরুষ ছট ব্রত পালন করতে পারে, তাহলে একজন অবিবাহিত নারী কেন পারবে না? এর পিছনে যদি কোনও যুক্তি থাকে, তাহলে দয়া করে আমাকে বলুন। আমি অবশ্যই শুনব।”
