বেলঘড়িয়ায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুললেন পরিবারের সদস্যরা। মৃতের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর নির্যাতন চালাত শ্বশুরবাড়ির সদস্যরা। রবিবারও অশান্তির পর মেয়েকে ব্যাপক মারধর করা হয়। তারপর বিষ খাইয়ে, বালিশ চাপা দিয়ে খুন করে শ্বশুর-শাশুড়ি ও স্বামী। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ।
মৃতের নাম অনুষ্কা মালাকার (২৪)। তাঁর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী রঞ্জিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, অভিযুক্ত স্বামী নেশা করে স্ত্রীর উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করত। অনেক সময় এলাকাবাসী অশান্তির আওয়াজ পেতেন। পরিবারের লোকজনও অনুষ্কার শরীরের আঘাত দেখে বারংবার তাঁকে ফিরে আসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কিছু শোনেননি অনুষ্কা। মুখ বুজে সব সহ্য করতেন। রবিবারও অনুষ্কাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, প্রায় আধমরা করে ফ্যানে ঝোলানোর চেষ্টা করা হয়েছিল মেয়েকে। কিন্তু তা সম্ভব না হওয়ায় বিষ খাইয়ে, বালিশ চাপা দিয়ে খুন করা হয়।
সোমবার ভোররাতে অনুষ্কার মাকে ফোন করে শ্বশুরবাড়ির লোকজন জানায়, তাঁর মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তিনি দেখেন, অ্যাম্বুল্যান্স করে অনুষ্কাকে নিয়ে যাওয়া হয়েছে। মেয়ের গোটা শরীর নীল হয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা অনুষ্কাকে মৃত বলে ঘোষণা করেন। মেয়েকে খুনের অভিযোগ তুলে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
