বিহারে নির্বাচনী ইস্তেহারে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল, পরিবার পিছু ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। এই প্রকল্প এখন বিহার সরকারের উপর আর্থিক বোঝা বাড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আর্জি জানিয়েছেন, যারা বিল শোধ করতে সক্ষম, তাঁরা যেন প্রকল্পের সুবিধা না নেন। সরকারের এই অনুরোধের এবার পালটা দিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। তাঁর কটাক্ষ, বিজেপি এবং এনডিএ-র উচিত জনগণের ভোট ফেরত দেওয়া।
সম্প্রতি রাজ্যবাসীর উদ্দেশে আর্জি জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিহারের ধনী ব্যক্তিদের বলতে চাই, তাঁরা যে ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পান, সেই সুবিধা তাঁরা যেন ছেড়ে দেন।’ সম্রাট চৌধুরীর মতে, সচ্ছল পরিবারগুলো এই ভর্তুকির সুবিধা ছেড়ে দিলে যে অর্থ সাশ্রয় হবে, তা রাজ্যের উন্নয়নমূলক কাজে ও দরিদ্র মানুষের কল্যাণে আরও বেশি করে ব্যবহার করা সম্ভব হবে। এই লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করছে বিহারের বিদ্যুৎ বিভাগ। বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে গ্রাহকদের এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে একটি লিংক থাকবে। সেখান থেকে গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম প্রত্যাহার করতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে গড়ে একটি পরিবার প্রতিবছর প্রায় ১০ হাজার টাকার বিনামূল্যে বিদ্যুৎ পেয়ে থাকে। গ্রাহকরা এই প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করলে সরকারের খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
মুখ্যমন্ত্রীর এই আর্জির পালটা সরব হন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক প্রশান্ত কিশোর। তিনি বলেন, “ওনাদের আবেদনের পালটা জনগণের বলা উচিত আমরা ১২৫ ইউনিট বিদ্যুৎ ফেরত দিচ্ছি, একইভাবে ওরা আমাদের ভোট ফেরত দিক।” উল্লেখ্য, বিহারের বিদ্যুতের বর্তমান ব্যবস্থা অনুযায়ী, গ্রাহকদের বিল ১২৫ ইউনিট ব্যবহারের পর থেকে গণনা করা হয়। ফলে বর্তমান ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের পুরো সফটওয়্যার পরিবর্তন করতে হবে। পাশাপাশি যারা ভরতুকি ছাড়বেন, তাঁদের ক্ষেত্রে পোর্টালে আলাদা ব্যবস্থা চালু করতে হবে। তাঁদের জন্য তৈরি হবে ভিন্ন বিল।
উল্লেখ্য, বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পে সরকারের প্রতি মাসে প্রায় ২৩ কোটি টাকা খরচ হয়। গ্রাহক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই খরচের পরিমাণও বাড়তে থাকবে। রাজ্যে প্রায় ৯০ লক্ষ গ্রাহক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন।
Source: Sangbad Pratidin India (Bengali)
