Hashtagintro

বৈভবকে নিয়ে গম্ভীরের সুরই শ্রেয়সের মুখে, নিউজিল্যান্ডেও কি প্রথম একাদশে সুযোগ হবে না?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বৈভব সূর্যবংশীকে নিয়ে যে অবস্থান নিয়েছিলেন ভারতের হেডকোচ গৌতম গম্ভীর, সেই একই সুর শোনা গেল অধিনায়ক শ্রেয়স আইয়ারের গলাতেও। প্রথম একাদশে জায়গা পেতে বৈভবকে অপেক্ষা করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। ফলে নিউজিল্যান্ড সফরেও তরুণ ওপেনারের প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। 

শনিবারের ম্যাচে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দু’জনের কেউই বড় রান পাননি। তবু এই দুই ওপেনারের উপরেই আস্থা রাখছে দল। আপাতত প্রথম একাদশে বৈভবকে জায়গা দেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেই মনে করা হচ্ছে। বৈভবকে কী বলছেন অধিনায়ক? শ্রেয়স বলেন, “আমি ওকে বারবার একই কথা বলি, এক দিন সুযোগ ঠিকই আসবে। তবে তার আগে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে এগিয়ে যেতে হবে। অপেক্ষা করতেও শিখতে হয়। আমাদের দলে দু’জন দুর্দান্ত ওপেনার রয়েছে। এই মুহূর্তে ওদের বাইরে রাখা ঠিক হবে না। বৈভবকে বারবার এ কথাই বোঝাই।”

টিম ইন্ডিয়ার কোচ গম্ভীরও সিরিজ শুরুর আগে একই বার্তা দিয়েছিলেন বৈভবকে। সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভালো ফর্মে থাকলেই যে প্রথম একাদশে জায়গা নিশ্চিত হয়ে যাবে, এমনটা নয়। দীর্ঘদিন ধরে ভালো খেলা ক্রিকেটারদেরও প্রাপ্য গুরুত্ব দিতে হবে। গম্ভীর বলেছিলেন, “বৈভব ভালো ফর্মে রয়েছে। তবে ওকে বুঝিয়েছি, ভালো ফর্মে থাকলেই প্রথম একাদশে জায়গা পাওয়া যায় না। যারা দীর্ঘদিন ধরে ভালো খেলছে, তাদের সুযোগের জন্য অপেক্ষা করতে হয়। বিষয়টি আমার কাছেও নতুন অভিজ্ঞতা।”

সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা দেখে দল নির্বাচন করা হয় না বলেও সাফ জানিয়ে দিয়েছিলেন ভারতের কোচ। তাঁর মতে, প্রথম একাদশ বেছে নেওয়ার দায়িত্ব কোচ ও অধিনায়কের। কারা সেরা একাদশে থাকার যোগ্য, কিংবা কারা দলকে জেতাতে পারবে, তার উপরেই দল গঠন নির্ভর করে। আইপিএল মাতিয়ে উত্থান বৈভবের। এরপর টিম ইন্ডিয়ায় ডাক। অনেকেই অপেক্ষা করে থাকেন ১৫ বছর বয়সি ব্যাটারের তাণ্ডব দেখার জন্য। কিন্তু দেশের নীল জার্সিতে সেই সুযোগ খুব একটা হচ্ছে না। এখনও পর্যন্ত ‘বেবি বস’ ভারতের হয়ে ৮টা ম্যাচ খেলেছে। তার মধ্যে পাঁচটা ম্যাচ ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে- এশিয়ান গেমসে ও জিম্বাবোয়ে সিরিজে। গম্ভীরের কোচিংয়ে মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পেয়েছে বৈভব। এই আট ম্যাচে ১৮৬ স্ট্রাইক রেটে ২৪৬ রান করেছে সে। তবে নিউজিল্যান্ড সফরে বৈভবের ভাগ্যে কী রয়েছে, তা জানতে এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language