Hashtagintro

বৈভবে আস্থা নেই গম্ভীরের! নজিরগড়া সোনা জিতেও ভারতীয় দলে ব্রাত্য বিস্ময় কিশোর?

বৈভব সূর্যবংশী না সঞ্জু স্যামসন, কাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে গৌতম গম্ভীর প্রথম একাদশে রাখবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে। এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ক্রিকেট দল দেশে ফিরেই লখনউয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে। এশিয়ান গেমসে ভারতীয় দলের কোচ ছিলেন ভিভিএস লক্ষ্মণ। এবার কোচের ভূমিকায় গম্ভীর। দু’জনের মধ্যে কোচিং পদ্ধতিতে যতই ফারাক থাক, তাঁরা একটা জায়গায় এক। দু’জনেই চান দলের ব্যাটিং গভীরতা।

এখনও পর্যন্ত দেখা গিয়েছে, গৌতম গম্ভীর একসঙ্গে বৈভব এবং সঞ্জুকে দলে রাখেন না। তবে তাঁর কাছে অটোমেটিক চয়েস অভিষেক শর্মা। এশিয়ান গেমসে কিন্তু লক্ষ্মণ তিনজনকেই খেলিয়েছিলেন। ওপেনিং করেছিলেন বৈভব এবং অভিষেক। তিন নম্বরে এসেছিলেন সঞ্জু। এতে দলের ব্যাটিং গভীরতা বেড়েছিল। তবে জাপানের নিশিন সিটির উইকেট আর লখনউয়ের একানা স্টেডিয়ামের উইকেট এক নয়। যতটুকু জানা গিয়েছে, গম্ভীর সম্ভবত অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে সঞ্জুকেই খেলাবেন।

মিডল অর্ডারের শক্তি বাড়াতে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে দলে রাখবেন গম্ভীর। টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের প্রধান শক্তি তাদের মিডল অর্ডার। শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, তিলক বর্মা, শিবম দুবে দলকে ভরসা দিচ্ছেন। তাঁদের সঙ্গে থাকবেন অক্ষর প্যাটেল। ভারতের বোলিং বিভাগ কীভাবে সাজাবেন কোচ গম্ভীর, সেটাও দেখার বিষয়। অভিজ্ঞ অর্শদীপ সিং নতুন বলে ভারতকে নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে থাকবেন সম্ভবত মায়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব। ভারতের স্পিন বোলিং আক্রমণে থাকবেন অক্ষর এবং কুলদীপ যাদব।

যদি গম্ভীর ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে চান, তা হলে একজন পেসারের পরিবর্তে নমন ধীরকে সুযোগ দিতে পারেন। তবে আসল পরীক্ষা হতে চলেছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের। ভারত শ্রেয়সের নেতৃত্বে জিম্বাবোয়ে এবং আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। কিন্তু ক্যারিবিয়ানরা এই দু’টি দেশের থেকে অনেক বেশি শক্তিশালী। তার প্রমাণ পাওয়া গিয়েছে শেষ ওয়ান ডেতেই। এশিয়াডের সোনালি সাফল্য ধরে রাখতে পারবে শ্রেয়সদের দল?

আজ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টি-টোয়েন্টি
লখনউ, সন্ধে ৭.৩০
সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্ক

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language