Hashtagintro

বোলারদের কেরিয়ার শেষের চক্রান্ত! রানবৃষ্টিতে গম্ভীরের ক্ষোভ, ‘লড়াই সমানে-সমানে হোক’

এক ম্যাচে ৫০০ রান। টি-টোয়েন্টিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রানের বৃষ্টি। ২৪৯ রান তুলেও ভারত শেষ পর্যন্ত হার মেনেছে। গৌতম গম্ভীর সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত। তার সঙ্গে চিন্তিত বোলারদের দুরবস্থা নিয়ে। কিছুদিন আগে ওয়ানডেতে ৮০০ রান ওঠার পর বলেছিলেন, ‘এটা ক্রিকেট নয়, শুধু ব্যাটিং।’ এবার রাঁচিতে টি-টোয়েন্টির পরও তাঁর বক্তব্য অনেকটা একই রকম, বোলারদের কেরিয়ার শেষ করার চক্রান্ত চলছে!

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত প্রথমে ব্যাট করে তোলে ২৪৯ রান। জবাবে ৯ বল বাকি থাকতেই ২৫২ রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। অর্থাৎ এক ম্যাচে ওঠে ৫০১ রান। দু’দলের কোনও বোলারের ইকোনমি ১০-র নীচে নয়। দিন দশেক আগে ওয়ানডেতে ৯৩.৩ ওভারে উঠেছিল ৮১১ রান। সেদিন ভারত জিতলেও রানবৃষ্টিতে খুশি ছিলেন না গম্ভীর। এদিনও নয়।

ম্যাচের পর তিনি বলেন, “আপনারা কি ব্যাট ও বলের মধ্যে একটি ভালো প্রতিযোগিতা চান না? আপনারা যা চান, আমরাও তাই চাই। আপনারা যদি শুধু ছক্কা ও চার দেখতে চান, তাহলে আমরাও তা-ই দেখতে চাই। আপনারা যদি একটি সমানে সমানে লড়াই চান, তাহলে আমরাও তা-ই চাই। এরা আমাদেরই বোলার। তাদের কেরিয়ার ঝুঁকির মুখে। দলে ঢোকার জন্য তারা অনেক পরিশ্রম করেছে। তাই যদি সমানে সমানে লড়াই হয়, তবে তা ভালো হবে। আর আমরা আরও ভালো ক্রিকেটও দেখতে পাব।”

রাঁচিতে পাটা উইকেট। তার উপর শিশিরের জন্য বোলারদের কাজ আরও কঠিন হয়েছে। যা নিয়ে গম্ভীর বলছেন, “আমরা এই হারকে হালকাভাবে নিচ্ছি না। উন্নতি করতে হলে কোনও কিছু ধামাচাপা দেওয়া যাবে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল। আমরা ধারাবাহিকভাবে উন্নতি করতে চাই। এটা ঠিক যে, শিশিরের মধ্যে পাটা উইকেটে বল করা কঠিন। কিন্তু আমরা তো শুরুতে উইকেট পেয়ে গিয়েছিলাম। তাই ওদেরকে থামানোর একটা উপায় আমাদের খুঁজতেই হত।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language