Hashtagintro

মঙ্গলেই মমতার পাড়ার কালীপুজোয় শুভেন্দু! ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের দেবেন আর্থিক সাহায্য

গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়া। ঘটনার ঠিক তিনদিনের মাথায় মঙ্গলবার কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা কিনা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলি। জানা গিয়েছে, ওই এলাকায় একাধিক কালী পুজো হচ্ছে। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। আর তা রাখতেই মঙ্গলবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী যাবেন বলে খবর। শুধু তাই নয়, যাওয়ার কথা রয়েছে কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়াতেও। লক্ষ্য ওই এলাকায় ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী এবং স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো।

শুক্রবার রাতের ঘটনায় পুলিশ-প্রশাসন যে জিরো টলারেন্সের পথে হাঁটবে, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কারণ গত শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। চলে তাণ্ডব। অভিযোগ, ঘটনায় পটুয়াপাড়ার একাধিক মৃৎশিল্পী ক্ষতিগ্রস্ত হন। নষ্ট হয় একাধিক মূর্তি এবং কাজের বিভিন্ন সামগ্রী। এমনকী পুজোর সামগ্রী যারা বিক্রি করছিলেন, তাঁদেরও ক্ষতির মুখে পড়তে হয় বলে অভিযোগ। যা নিয়ে শনিবার সকাল থেকে দফায় দফায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ঘটনার পরেই এই বিষয়ে ভবানীপুরের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন পটুয়াপাড়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ওই এলাকায় থাকা মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ জানান।

জানা যায়, সেই খবর কানে যাওয়া মাত্র পদক্ষেপের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। এমনকী নিজে ঘটনাস্থলে যাবেন বলে সিদ্ধান্ত নেন বলে সূত্রের খবর। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাট রোডে থাকা পটুয়াপাড়া মুখ্যমন্ত্রী যাবেন বলে জানা যাচ্ছে। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আর্থিক সাহায্য তিনি তুলে দিতে পারেন বলে সূত্রের খবর। এমনকী এলাকার নিরাপত্তা এবং তদন্তের বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন বলে খবর।

বলে রাখা প্রয়োজন, শুক্রবার রাতের ঘটনায় পুলিশ-প্রশাসন যে জিরো টলারেন্সের পথে হাঁটবে, তা এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, ”আমি কারও নামে অভিযোগ করব না। হিরো করতে চাই না। পুলিশকে চড় মারলে কিংবা উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে কিংবা হুমকি দিলে যে ধারায় মামলায় হওয়া উচিৎ, সেই ধারাতে সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ।” শুধু তাই নয়, এই প্রসঙ্গে পুলিশমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধানের স্পষ্ট বার্তা, ”পুলিশ আহত হয়েছে। শারীরিক পরীক্ষাও করা হয়েছে। সরকারি কাজে বাধাদানের ভিডিয়ো দেখে দেখে যাঁদের নামে মামলা করার ছিল তা করেছে। ঘটনায় চার্জশিট হবে, কাস্টডি ট্রায়ালও হবে। কাউকে ছাড়া হবে না।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language