মুম্বই থেকে ছট উপলক্ষ্যে এসেছিলেন ধানবাদ। সেখান থেকে যাচ্ছিলেন উত্তরপাড়ার আত্মীয়ের বাড়িতে। ভাবতেও পারেনি কী ভয়ংকর কাণ্ড অপেক্ষায়। যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় (Uttarpara Train Accident) মৃত্যু হল মা ও মেয়ের। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, মৃতদের নাম আভা ঝা ও প্রগতি ঝা। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। আভাদেবীর স্বামী চলচিত্র পরিচালক মোহিতকুমার ঝা। প্রগ্রতি আইন নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁদের ঠিকানা মুম্বই। সূত্রের খবর, ছটপুজো উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বই থেকে ধানবাদে যান আভা ও প্রগতি। সেখান থেকে উত্তরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। ঠিক ছিল, শুক্রবার বিমানে মুম্বই উড়ে যাবেন। কিন্তু সেই পরিকল্পনা আর সফল হল না। বুধবার রাত প্রায় ১১টা নাগাদ উত্তরপাড়া স্টেশনের কাছে রেললাইন পারাপার করার সময় রক্সৌল এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের।
দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের সদস্যরা বেলুড় জিআরপি থানায় পৌঁছন। পরিবারের সদস্য চন্দনকুমার ঝা জানান, তিনি ভাগলপুরের একজন আইনজীবী। গ্রামের বাড়ি থেকে তিনি এসেছেন। এই কঠিন সময়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের সবরকম সহযোগিতা করছেন বলেও জানান তিনি। মা ও মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। উল্লেখ্য, রেলের ধাক্কায় মৃত্যুর ঘটনা নতুন নয়। লাইন পারাপার করতে গিয়ে বহুক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে। সেই কারণে রেলের তরফে সর্বদা লাইন পারাপারের জন্য ওভারব্রিজ ব্যবহারের কথা বলা হয়। তা সত্ত্বেও বাড়ছে না সচেতনতা।
