নবরাত্রিতেই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর মুক্তির দিন ঘোষণা। সেই সঙ্গে অগ্রিম টিকিক বুকিংয়ের দিনও ঘোষণা করা হয়েছে। ১১ অক্টোবর, রবিবাসরীয় আমেজে ‘রামায়ণ’-এর নির্মাতাদের জোড়া চমকে দারুণ খুশি হয়েছিল হিন্দি ছবির দর্শক। দু’দিনের ব্যবধানে আরও এক চমক। ‘রামায়ণ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জটায়ু। সীতাকে রাবণের হাত থেকে রক্ষা করতে প্রাণপণ লড়াই করা এই বীর পক্ষীর পোস্টার শেয়ার করেছেন ছবির নির্মাতারা। সেই সঙ্গে জানিয়েছেন, জটায়ুর চরিত্রে পর্দায় কার কণ্ঠ শুনতে পাবেন দর্শক। ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং। তার আগে একের পর এক সারপ্রাইজ সিনেপ্রেমীরা উপভোগ করছেন তা বলাই বাহুল্য।
‘রামায়ণ’-এর কাহিনিতে জটায়ুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা আলাদা করে বলার অবকাশই রাখে না। মহাকাব্যের কাহিনি অনুযায়ী, সীতাকে অপহরণ করে বারণ যখন লঙ্কায় নিয়ে যাচ্ছিল তখন জটায়ু শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। কিন্তু, আত্মত্যাগ, সাহস এবং ধর্মের প্রতি নিষ্ঠা তাঁকে মহাকাব্যের অন্যতম স্মরণীয় চরিত্রে পরিণত করেছে। জটায়ুকে পরিচয় করিয়ে দিতে দুটি বিশেষ দৃশ্যের সমন্বয়ে পোস্টারটি তৈরি করেছেন নির্মাতারা। যেখানে চারিত্রিক বৈশিষ্ট্যের দুটি দিক উন্মোচিত হয়েছে! একটিতে দেখা যাচ্ছে পাখিটির তীক্ষ্ণ ও গভীর দৃষ্টির ক্লোজ-আপ শট আর একটিতে ডানা মেলা উড়ন্ত ভঙ্গি।
View this post on Instagram
এবার জেনে নেওয়া যাক, জটায়ুর কণ্ঠের নেপথ্যে কে? চরিত্র নিয়ে যেমন দর্শকের উন্মদনা থাকে তেমনই কিছু কণ্ঠস্বর নিয়েও আগ্রহ অমূলক নয়। ‘রামায়ণ’-এর শুটিং, চরিত্র নির্মান-সহ একাধিক বিষয়ের খুটিনাটি জানতে সিনেপ্রেমীদের উৎসাহ তুঙ্গে তা বললে অত্যুক্তি হবে না। জটায়ুর কণ্ঠস্বরের নেপথ্যে কে সেই রহস্যও অভিনব কায়দায় প্রকাশ্যে এনেছেন নির্মাতারা।
চরিত্রের পোস্টার শেয়ার করে জানিয়েছেন, ‘যখন অশুভ শক্তি ডানা মেলেছিল তখন তার মোকাবিলা করেছিল সাহস। জয়ের জন্য নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াতেই সে লড়েছিল। জটায়ু, ধর্মের ডানা। ‘রামায়ণ’-এ জটায়ুর কণ্ঠে অনুপম খের।’ জটায়ুর চরিত্রে অনুপমের কণ্ঠ এই ছবির অন্যতম আকর্ষণ তা বলাইন যায়।

