খাবারের সঙ্গে চুম্বক খেয়ে ফেলেছিল। তারপর থেকে শ্বাস নিতে শুরু হয় কষ্ট। ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। টানা ১৩ দিনের যমে-মানুষে লড়াইতে জয়। বাবার কোলে চড়ে রবিবার বাড়ি ফিরল ছোট্ট আরাফত।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার মহেশপুরের বাসিন্দা সে। গত ৩ নভেম্বর হাসপাতালে আসে ওই শিশু। তারপরেই যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় বেশ কঠিন অবস্থায় রয়েছে বিষয়টি। শিশুর শ্বাসে ব্যাঘাত ঘটাচ্ছে চুম্বক। সেই চুম্বক বের করার চেষ্টা হলেও প্রবল সম্ভাবনা ছিল বাধার সম্মুখীন হওয়ার! এরপরই রেকর্ড গড়েন তাঁরা। মানিকতলা থেকে প্রভাকর কাঁড়ার নামের এক কারিগরকে দিয়ে বানানো হয় প্রায় ৩ মিলিমিটারের একটি চুম্বক। সেই চুম্বক নির্দিষ্ট যন্ত্রে যুক্ত করে কঠিন পদ্ধতি পেরিয়ে ওই চুম্বক বের করে আনেন চিকিৎসকেরা। এই ঘটনা বিরল। কলকাতার কোনও মেডিক্যাল কলেজ তো বটেই, দেশের কোনও সরকারি বা বেসরকারি ক্ষেত্রে এমন পদ্ধতির প্রয়োগ আগে হয়েছে কিনা মনে করতে পারেননি চিকিৎসকদের একটা বড় অংশ।
ছেলে সুস্থ হয়ে বাড়ি ফেরায় অত্যন্ত খুশি তার বাবা-মা। বাবা আলি আক্কাস বলেন, “ডাক্তারবাবুরা না থাকলে জানি না কী হত। তাঁদের কাছে আমি ঋণী। খুব দ্রুত তাঁরা চিকিৎসা করে ছেলেকে সুস্থ করেছেন। মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্যব্য়বস্থাকে ধন্যবাদ।” আরাফতের মা জান্নাতুল বিবিও চিকিৎসকদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, “অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েও ওই চুম্বক বের করা যায়নি। তারপরে চুম্বক দিয়েই চুম্বক টেনে বের করেন চিকিৎসকরা। ছেলেটাকে ১৩ দিন পর কোলে পেলাম। ডাক্তারবাবুদের ধন্যবাদ।” রাজ্যের সরকারি হাসপাতালে এমন ব্যতিক্রমী পরিষেবা পাওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানান তাঁরা।