যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকা। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশিপুর থানার মাজরামুড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরেই তিনজনকে আটক করা হয়েছে। পরে আরও একজনকে পাকড়াও করা হয়। এই ঘটনায় সবমিলিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার মাজরামুড়া গ্রামে যাত্রার অনুষ্ঠান ছিল। এক পরিচিতর আমন্ত্রণে বছর সতেরোর ওই কিশোরী সেখানে গিয়েছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ওই নাবালিকাকে তিন যুবক টেনে নিয়ে যায় পাশের অন্ধকারে একটি নির্জন স্থানে। সেখানে তিনজন মিলে পরপর ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন করে। পরে ওই কিশোরী বাড়ি ফিরে গোটা ঘটনাটি পরিবারের লোকজনকে জানান। তারপরেই সোমবার নির্যাতিতার বাবা কাশিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই ঘটনায় গণধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করে তিন অভিযুক্তকে আটক করে। অন্যদিকে, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
