জন্মদিনের চব্বিশ ঘণ্টা আগে বার্থডে স্পেশাল সারপ্রাইজ হিসেবে শাহরুখের আগামী ছবি ‘কিং’-এর কোনও বড় চমকের ফিসফাস। জল্পনা সত্যি করে ২ নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান, ‘তু মিল জায়ে’। অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘কিং’-এর প্রথম গানে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের রোম্যান্সে বুঁদ ভক্তরা। ‘পাঠান’, ‘জওয়ান’-এর স্মৃতি উসকে ‘কিং’-এ ফিরল পুরনো জুটির নতুন রসায়ন! অরিজিৎ ম্যাজিকের সঙ্গে ‘তু মিল জায়ে’-কে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে এড শিরানের র্যাপ।
সাম্প্রতিক অতীতে অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে এড শিরানের আনাগোনা, একসঙ্গে সময় কাটানোর নেপথ্য কারণটা এবার খানিকটা আঁচ করা যাচ্ছে বই কী। দীপিবলিতে ‘কিং’ শাহরুখ যে একেবারে রাজকীয় মেজাজে ধরা দেবেন তা বললে অত্যুক্তি হবে না। ভক্তদের উত্তজেনায় সুরসুরি দিয়ে শাহরুখের পোস্ট, ‘সৌভাগ্যবানরাই ভালোবাসা পায়। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। প্রেম ও অন্যান্য যুদ্ধের গল্প…’। শুধু পোস্টই নয়, সংলাপেও ঘায়েল ভক্তরা।
“আমি খুনি নই, একজন প্রেমিক। আমার প্রেয়সীই আমার লক্ষ্য। আর যে প্রেমিক হৃদয় ভেদ করে গভীরে পৌঁছাতে না পারে, সে আবার কেমন প্রেমিক?” কিং’-এ শাহরুখ-দীপিকার রসায়ন যে আরও গভীর তা বদশার বাদশাহী সংলাপেই স্পষ্ট। এরপরই শুরু শাহরুখ-দীপিকার প্রেমলীলা। রোম্যান্সের মাঝে ধুঁয়াধার অ্যাকশন, নাচে জমজমাট ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’। রোম্যান্টিক প্রেমিকের আড়ালে শাহরুখের রুদ্র রূপের মেলবন্ধনে যেন বছর তেইশের যুবক ৬১-এর শাহরুখ!
গানের মাঝে বারবার নজর কেড়েছে কিং খানের জোরাল সংলাপগুলো। “এবার আমার হৃদয়ে আগুন জ্বলছে। গোটা পৃথিবীকে জ্বালিয়ে ছারখার না করা পর্যন্ত সেই আগুন নিভবে না।” এহেন সংলাপ যে ‘কিং’ নিয়ে শাহরুখভক্ত তথা সিনেপ্রেমীদের উন্মাদনার পারদ চড়াচ্ছে তা বলাই বাহুল্য।
Yeh Daur Ishq ka Naseeb Waalon ko milta hai… Jahan Barood ki Khushboo mein Gulab khilta hai… Of Love and other Battles…. This December, #LoveLikeAKing #TuMilJaaye song out now! #KING in cinemas 24.12.26 https://t.co/GQfYaDY2Cx
— Shah Rukh Khan (@iamsrk) November 1, 2026
প্রসঙ্গত, জন্মদিনের আগে মন্নতের কিছু ছবি প্রকাশ্যে আসতেই শুরু নতুন জল্পনার। সামনের অংশে একটি বিশাল স্ক্রিনের মতো কাঠামো, যা দেখেই অনুরাগীদের একাংশের অনুমান, শাহরুখের জন্মদিনে মন্নতের দেওয়ালে দেখানো হতে পারে ‘কিং’-এর কোনও বিশেষ ঝলক। এখনও পর্যন্ত ‘কিং’-এর টিজার, গান কিংবা অন্য কোনও ফুটেজ আদৌ মন্নতে দেখানো হবে কি না সে বিষয়ে নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
