রাত পোহালেই নন্দীগ্রামের উপনির্বাচন। আজ সোমবার অর্থাৎ ভোটের ঠিক আগের দিন নন্দীগ্রামের আইসি বদল। অজয়কুমার মিশ্রকে সরিয়ে এবার দেবাশিস সরকারকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন। ভোটের ঠিক আগে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
চলতি বছরে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের খোলনলচে বদলে দেওয়া হয়েছিল। জেলায় জেলায় বিভিন্ন আধিকারিকও বদলি করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, যাতে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়। পরবর্তীতে ভোটের ফল প্রকাশের পর নন্দীগ্রামের আইসি (ইনস্পেক্টর ইন চার্জ) বদল করা হয়। শুভব্রত নাথকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় অজয়কুমার মিশ্রকে। সেই সময় শুভব্রত নাথকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ইনস্পেক্টর করা হয়। কয়েক মাসের ব্যবধানে ফের নন্দীগ্রামের আইসি বদল। উপনির্বাচনের ঠিক আগের দিন অজয়কুমার মিশ্রকে সরিয়ে এবার দেবাশিস সরকারকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন।
তবে ভোটের ঠিক আগের দিন নন্দীগ্রামের আইসিকে কেন বদল করা হল, এখনও স্পষ্ট নয়। পুলিশের নির্দেশিকায় আলাদা করে কোনও কারণ উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নন্দীগ্রামের আলাদা তাৎপর্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে নন্দীগ্রামের। একইভাবে এই নন্দীগ্রামেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে পরাস্ত হয়েছেন তিনি। আগামিকাল অর্থাৎ ৬ অক্টোবর সেই নন্দীগ্রামে উপনির্বাচন। কারণ, এবার বিধানসভা ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু। দুটি আসনেই জেতেন তিনি। নিয়ম মেনে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। সেই কারণেই ওই আসনে ফের নির্বাচন হচ্ছে।
