Hashtagintro

রিঙের বাইরে ছুড়ে ফেলে দিয়েছিলেন প্রতিপক্ষ! মাত্র ৩৮ বছরেই প্রয়াত ডব্লিউডব্লিউই তারকা

প্রতিপক্ষ তাঁকে রিঙের বাইরে টেবিলের উপর আছড়ে ফেলেছিলেন। সেই ভয়াবহ স্টান্টের কয়েক সপ্তাহের মধ্যেই মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হলেন ডব্লিউডব্লিউই-র জনপ্রিয় রেসলার ব্রনসন রিড। প্রকৃত নাম জার্মেইন হ্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট।

এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই লিখেছে, ‘জার্মেইন হ্যালির (ব্রনসন রিড) প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত। ৩৮ বছর বয়সে চিকিৎসাজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে। রিঙে তিনি ছিলেন বিশাল ব্যক্তিত্বের অধিকারী। কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’ বিবৃতিতে ব্রনসনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাঁদের কন্যাসন্তান, পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছে ডব্লিউডব্লিউই। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা কোথায় তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে সংস্থার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মৃত্যুর খবর সামনে আসতেই ফিরে এসেছে চলতি মাসের ৭ নভেম্বরের সেই ভয়াবহ ম্যাচের স্মৃতি। সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েলে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচে রিঙের বাইরে তাঁর সতীর্থদের সঙ্গে জে’ভন ইভান্স ও পেন্টার লড়াই চলাকালীন ম্যাচে হস্তক্ষেপ করেন তিনি। সেই সময় প্রতিপক্ষ ওবা ফেমি তাঁকে এন্ট্রান্স স্টেজ থেকে একটি টেবিলের উপর ছুড়ে ফেলেন। প্রথমে পরিকল্পিত স্টান্ট বলেই মনে হলেও পরে জানা যায়, গুরুতর চোট পেয়েছেন রিড।

‘রেসলিং অবজার্ভার লাইভ’-এর ব্রায়ান আলভারেজ জানিয়েছিলেন, ওই ঘটনায় রিডের পাঁজরের একাধিক হাড় ভেঙে যায়। কিডনিতে গুরুতর আঘাত লাগে। ডেভ মেলৎজারের প্রতিবেদনেও ওই একই ঘটনার কথা উঠে আসে। অন্যদিকে, ‘ফাইটফুল’-এর শন রস স্যাপের দাবি, ম্যাচের পর ডব্লিউডব্লিউই-র বাকি দল দেশে ফিরে গেলেও রিড সৌদি আরবেই থেকে যান। তাঁর সঙ্গে ছিলেন সংস্থার এক উচ্চপদস্থ আন্তর্জাতিক আধিকারিক এবং চিকিৎসক দলের এক সদস্য। খবর অনুযায়ী, এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অস্ত্রোপচারের পর দেশে ফিরে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও চলছিল।

তবে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। ব্রনসনের মৃত্যুর সঙ্গে ওই ম্যাচে পাওয়া চোটের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা ডব্লিউডব্লিউই এখনও নিশ্চিত করেনি। সংস্থার বিবৃতিতেও ক্রাউন জুয়েলের ঘটনার কোনও উল্লেখ নেই। ফলে চিকিৎসাজনিত জটিলতা এবং ম্যাচে পাওয়া চোট– এই দু’টি বিষয়কে আপাতত আলাদা করেই দেখছে রেসলিং মহল। ২০০৭ সালে পেশাদার রেসলিংয়ে পা রেখেছিলেন ব্রনসন। ২০১৯ সালে যোগ দেন ডব্লিউডব্লিউই-তে। ২০২১ সালে জেতেন এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। ওই বছরই সংস্থা ছাড়ার পর নিউ জাপান প্রো-রেসলিং এবং ইমপ্যাক্ট রেসলিংয়ে ‘জোনাহ’ নামে পরিচিতি তৈরি করেন।

২০২২ সালের ডিসেম্বরে ফের ডব্লিউডব্লিউই-তে প্রত্যাবর্তন হয় তাঁর। ২০২৪ সালে জয় করেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল। সাম্প্রতিক সময়ে ‘দ্য ভিশন’ গোষ্ঠীর অন্যতম সদস্য ছিলেন তিনি। লোগান পল, অস্টিন থিয়োরি, ব্রন ব্রেকার এবং পল হেম্যানের সঙ্গে কাজ করেছেন। ১৯৮৮ সালের ২৫ অগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম ব্রনসনের। মাত্র ৩৮ বছরেই প্রাণ হারাতে হল তাঁকে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language