বরানগরে তরুণী খুনে গ্রেপ্তার প্রেমিক। বৃহস্পতিবার গভীর রাতে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার অভিযুক্ত। বরানগর থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রেল স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাবজি অনলাইন গেমের নেশায় আসক্ত ছিলেন তরুণী। সেই সূত্রেই অভিযুক্তের সঙ্গে আলাপ। অনুমান, গেম খেলা নিয়ে গণ্ডগোলের জন্য খুন। কিন্তু কী এমন হল যে তরুণী খুন হলেন তা ভাবাচ্ছে তদন্তকারীদের। পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর সেই ধোঁয়াশা কাটবে বলে দাবি পুলিশকর্তাদের।
মঙ্গলবার রাতে বরানগরের শীতলামাতা লেনে দিদির ফাঁকা ফ্ল্যাটে উদ্ধার হয় ২৭ বছরের তরুণীর দেহ। ডানলপ মোড় লাগোয়া একটি আবাসনে তাঁর বাড়ি। তাঁর বাবা বর্ষীয়ান বিজেপি নেতা। তদন্তে উঠে এসেছে, খুনের আগে তরুণীর উপর অত্যাচার করা হয়েছিল। মাথার পিছনে, মুখে, পিঠে ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। কুর্তির ডান হাতের নিচের অংশ ছেঁড়া, পাজামাও ছিল না। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ অবশ্য এখনও ধর্ষণের ধারা যুক্ত করেনি। ময়নাতদন্তের রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে পরিবারকে। প্রাথমিক রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মেলেনি বলে সূত্রের খবর।
মৃতের বাবার দাবি, সম্প্রতি যক্ষ্মা রোগে আক্রান্ত হন মেয়ে। অসুস্থ হওয়ার পরে তিনি অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। বার বার বারণ সত্ত্বেও শোননি ২৬ বছরের তরুণী। গেম খেলার সূত্রে অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাঁর। সেই সূত্রেই পরিচিত এক ব্যক্তির সঙ্গে মঙ্গলবার দিদি-জামাইবাবুর বরানগরের ফাঁকা ফ্ল্যাটে গিয়ে থাকতে পারেন ওই তরুণী। এরপরই মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
দেহ উদ্ধারের সময় ফ্ল্যাটে মেলেনি তরুণীর মোবাইল। উধাও সোনার গয়না, রুপোর ব্রেসলেট ও মানিব্যাগও। অথচ নিখোঁজ ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে আসতে থাকে বার্তা। মামাতো ভাইয়ের কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। বাবার ফোনে আসে ‘হাই’, ‘হ্যালো’। এরপর তরুণীর নম্বর থেকে মায়ের কাছে ফোন এলে কান্নায় ভেঙে পড়ে মেয়েকে খুনের কারণ জানতে চান মা। মাত্র ১৩ সেকেন্ডেই কেটে যায় কল। পুলিশ আধিকারিকদের তা জানানো হয়। এরপরই বরানগর থানার আধিকারিকদের একটি দল ভিনরাজ্যে রওনা দেন। তারপর পুলিশের জালে পড়ে অভিযুক্ত। তাঁকে রাজ্যে আনা হচ্ছে।
