যাবতীয় জল্পনা শেষ। মোদি সরকার প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস আইন বা ডিলিমিটেশন বিল পাশ হওয়াটা সম্ভবত আর দিন কয়েকের অপেক্ষা। ইতিমধ্যেই লোকসভা ও রাজ্যসভার বিশেষ অধিবেশন ডেকে ফেলেছে কেন্দ্র। ইন্ডি জোটের ঘোষিত অবস্থানের বিপরীতে গিয়ে সমর্থনের ইঙ্গিত দিয়েছে এনসিপি শরদ পওয়ার শিবির। এবার অপ্রত্যাশিতভাবে সেই তালিকায় নাম লেখাতে পারে ডিএমকেও।
এমনিতে এম কে স্ট্যালিনের দল নিজেদের প্রবল হিন্দুত্ব বিরোধী এবং বিজেপি বিরোধী হিসাবে তুলে ধরে। কিন্তু তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস যেভাবে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে সেটা মেনে নিতে পারছেন না স্ট্যালিন। যেভাবে কংগ্রেসের মদতে রাজ্যে টিভিকে ক্ষমতা দখল করেছে, সেটার বদলা নিতে বিজেপির পাশে দাঁড়াতেও যে ডিএমকের আপত্তি নেই, সেটা একবার আকারে ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। একসময় যে আসন পুনর্বিন্যাসের প্রবল বিরোধী ছিল ডিএমকে, এবার সেটাকেও সমর্থনের ইঙ্গিত দিয়েছে তাঁরা। তবে সেটার জন্য শর্তও রয়েছে।
আসন পুনর্বিন্যাসে দক্ষিণের দলগুলির মুল আশঙ্কার জায়গা দক্ষিণ ভারতের জনসংখ্যা কম হওয়ার দরুণ দক্ষিণের তুলনায় উত্তর ভারতে লোকসভার আসন বেশি বেড়ে যেতে পারে। আগেরবার ঠিক এই যুক্তিতেই বিলটির বিরোধিতা করে ডিএমকে। তবে এবার দলীয় সূত্র বলছে, সরকার যদি লিখিত আশ্বাস দেয় যে আসনসংখ্যা বাড়লেও তামিলনাড়ুর আসনের হার কমবে না, তাহলে সমর্থনে আপত্তি নেই। বর্তমানে লোকসভার মোট আসনের ৭.২ শতাংশ তামিলনাড়ুর। স্ট্যালিনের দল বলছে, আসনসংখ্যা যতই বাড়ুক সেটা যদি তামিলনাড়ুর ভাগের ৭.২ শতাংশের অনুপাত বজায় রেখে বাড়ানো হয়, তাহলে সমর্থনে আপত্তি নেই। ডিএমকের এক সাংসদ বলছেন, “আমরা আগে বিলের খসড় দেখব। তাতে যদি তামিলনাড়ুর ভাগ বজায় রাখার লিখিত প্রতিশ্রুতি দেওয়া থাকে, তাহলে সমর্থনের ব্যাপারটা ভাবতে পারি।”
শেষমেশ ডিএমকে যদি সরকারের পাশে দাঁড়ায় তাহলে বিল পাশে বিশেষ সমস্যা হবে না। এনডিএ-র একটি সূত্রের দাবি, এখন লোকসভার ৫৪০ জন সাংসদ আছেন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩৬০ জনের সমর্থন দরকার। তৃণমূল, উদ্ধবের শিব সেনায় ভাঙন ধরানোর পরে এনডিএ ৩১৯-এ পৌঁছে গিয়েছে। শরদের এনসিপি ও ডিএমকে সমর্থন করলে এনডিএ ৩৪৯-এ পৌঁছে যাবে। ফলে অল্প কয়েকটি ভোটের প্রয়োজন হবে। রাজ্যসভাতেও আম আদমি পার্টি ও তৃণমূলের ভাঙনের ফলে এনডিএ ১৫৫-য় পৌঁছে গিয়েছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৬৩টি ভোট দরকার। পাওয়ার, স্ট্যালিনের সমর্থন পেলে এনডিএ আরও কাছাকাছি চলে যাবে।
