শিল্ড ফাইনালে ফের ডার্বি। কবে, কখন ও কোথায়? মোহনবাগান ও ইস্টবেঙ্গল ফাইনালে উঠে এলেও জানা যায়নি ফাইনালের দিনক্ষণ। অবশেষে প্রকাশ্যে আনল আইএফএ। সেই সঙ্গে টিকিট নিয়েও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ডুরান্ড ফাইনালের পর শিল্ড ফাইনালেও ‘বড় ম্যাচ।’
আন্তর্জাতিক ফুটবলের বিরতির মধ্যে পুরো শিল্ড আয়োজন করা হয়েছে। ফলে দুই দলই অনেক তারকা ফুটবলারকে পাচ্ছে না। সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে হারিয়েছে পাঞ্জাব এফসি’কে। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল। আইএফএ সোশাল মিডিয়ায় জানিয়েছে, শিল্ড ফাইনাল হবে ৮ অক্টোবর। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৬:১৫ থেকে ম্যাচ হবে। ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপে টিকিট পাওয়া যাবে। তবে এখনও দাম জানানো হয়নি।
প্রথম থেকেই এবছরের আইএফএ শিল্ড নিয়ে বহু প্রশ্ন উঠেছে। মাত্র ৬টি দল নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। কিন্তু সূচি নিয়ে জটিলতা থেকেই গিয়েছিল। এর মধ্যে কলকাতায় একাধিক আন্তর্জাতিক ম্যাচ থাকছে। ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের মুখোমুখি হয় ভারত। এবার মঙ্গলবার অর্থাৎ ৬ অক্টোবর উরুগুয়ে-ভারত ম্যাচ। মুশকিল হল, ১০ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে আইএসএল। মোহনবাগানের প্রথম ম্যাচ ১২ অক্টোবর। অর্থাৎ শিল্ড ফাইনালের পর হাতে মাত্র তিনদিন সময়। তাও সেটা গুয়াহাটিতে গিয়ে। ইস্টবেঙ্গল এরপর নামবে এসিএল ২তে। ১৩ অক্টোবর ঘরের মাঠে প্রতিপক্ষ আল-শোর্তা।
এদিকে ৬ অক্টোবর উরুগুয়ে ম্যাচের পর কি জাতীয় দলের প্লেয়াররা নিজেদের ক্লাবে যোগ দেবেন? মোহনবাগানের ৫ জন ও ইস্টবেঙ্গলের ৪ জন ফুটবলার জাতীয় দলে। ৮ অক্টোবর ম্যাচে কি তাঁদের ক্লাব জার্সিতে নামিয়ে দেওয়ার ঝুঁকি নেবেন দুই প্রধানের কোচ?
