বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী নুসরত বারুচা। মেরুদণ্ড ভাঙার ফলে এয়ার অ্যাম্বুল্যান্সে নুসরতকে দ্রুত বালি থেকে মুম্বইতে উড়িয়ে আনা হয়েছে। অস্ত্রোপচারও হবে মায়ানগরীতেই। বলিউডের পর এবার ভোজপুরী ইন্ডাস্ট্রি, শুটিং করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ভোজপুরী সিনেমার ‘ক্যুইন’ সঞ্জনা পাণ্ডে। বরাতজোরে প্রাণে বেঁচেছেন, সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল অগ্নিকাণ্ডের মুহূর্ত যা দেখে শিউরে উঠবেন।
আসন্ন সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং সেটে ঘটেছে এই হাড়হিম করা দুর্ঘটনা। একটি দৃশ্যের শুটিংয়ের সময় আচমকাই সেটে আগুন লেগে যায়। মুহূর্তে তা দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন, ভাইরাল হওয়া ভিডিওতেই তা স্পষ্ট। উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে চলছে সঞ্জনা পাণ্ডের আসন্ন ছবি ‘ভূতনি কা বদলা’-র শুটিং।
যতদূর জানা যাচ্ছে, একটি দৃশ্যে আগুন ব্যবহারের কথা ছিল। সেই সময় আগুন হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেই আগুনের আঁচ দ্রুত গতিতে অভিনেত্রীর দিকে চলে আসে। তবে দুর্ঘটনায় সঞ্জনা আহত হননি এবং সম্পূর্ণ নিরাপদ আছেন বলেই খবর। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে সঞ্জনা জানান, চিত্রনাট্য অনুযায়ী, যে দৃশ্যের শুটিং চলছিল সেখানে তাঁকে আগুনের মধ্যে দাঁড়াতে হয়েছিল।
শুটিং চলাকালীন খুব জোরে হাওয়া বইতে শুরু করে। এর ফলে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং অগ্নিশিখা হঠাৎ তাঁর দিকে চলে আসে। চোখের পলকে সেই আগুন তাঁর পোশাকে ছড়িয়ে পড়ে।” পোশাকে আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ইউনিটের কর্মীরা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে জল দিয়ে আগুন নিভিয়ে দেন। তাঁদের তৎপরতাতেই সঞ্জনাকে সময়মতো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
View this post on Instagram
এই ঘটনায় অন্য কেউ আহত হননি। ঘটনার পর সঞ্জনা পাণ্ডে স্বস্তি প্রকাশ করে জানিয়েছে তিনি নিরাপদ আছেন। আরও জানান, ছবির গল্প ও চরিত্রগুলোকে মাথায় রেখে পুরো টিম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং অনেক চ্যালেঞ্জিং দৃশ্য নিষ্ঠার সঙ্গে চিত্রায়িত করা হয়েছে। ছবিটি মুক্তির পর দর্শক সিনেমার গল্প, উপস্থাপনা এবং শিল্পীদের কাজ উপভোগ করবেন।