Hashtagintro

‘শুধু আধারেই জন্মতারিখ প্রমাণ হয় না’, মন্তব্য দিল্লি হাই কোর্টের

কারও জন্ম তারিখের চূড়ান্ত প্রমাণ হতে পারে না আধার কার্ড। এমনটাই জানাল দিল্লি হাই কোর্ট। এক মহিলার অবসরের ক্ষেত্রে তাঁর আধারে বর্ণিত জন্মতারিখ দেখিয়েছিলেন নিয়োগকর্তা। বরখাস্ত হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই মহিলা। আর সেই মামলাতেই এবার এমন পর্যবেক্ষণ উচ্চ আদালতের।

জানা গিয়েছে, ওই মহিলার জন্মতারিখের দু’টি নথিতে এক বছরের পার্থক্য রয়েছে। তাঁর নিয়োগকর্তা ২০১৭ সালে তাঁর কর্মজীবন অবসানের ক্ষেত্রে আধার কার্ডে উল্লিখিত আগের তারিখটিকে ভিত্তি হিসেবে ব্যবহার করেন। সেই কার্ড দেখিয়েই তাঁর দাবি, মহিলার বয়স ৫৮ বছর হয়ে গিয়েছে। শ্রম আদালত এই চাকরিচ্যুতিকে অবৈধ বলে জানিয়েছিল। এরপর মামলা গড়িয়েছে হাই কোর্ট পর্যন্ত। এদিন বিচারপতি মনোজ কুমার ওই রায়ই বহাল রেখেছেন। সেই সঙ্গেই উচ্চ আদালত জানিয়েছে যে, কেবলমাত্র আধার কার্ডের উপর ভিত্তি করে কারও জন্মতারিখ নির্ধারণ করা যায় না।

বলে রাখা ভালো, আধার কার্ড অনুযায়ী ওই মহিলার জন্ম ১৯৫৯ সালের ২০ মে। অন্যদিকে ‘এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন’-এর নথিতে তাঁর জন্মতারিখ ১৯৬০ সালের ২০ মে। কিন্তু সেই নথিকে অস্বীকার করেন নিয়োগকর্তা। হাই কোর্টের পর্যবেক্ষণ, আধার কার্ডে উল্লিখিত তারিখটির সমর্থনে অন্য কোনও নথি নেই। তাছাড়া কর্তৃপক্ষও স্বীকার করেছে যে, কর্মীর চাকরি শেষ করার মাত্র দুই মাস আগে তারা এই আধার কার্ডটি হাতে পেয়েছিল। তা উল্লেখ করে বিচারপতি বলেন, “সুতরাং, কর্তৃপক্ষের পুরো বিষয়টি কেবল ‘এক্সবিট ডব্লিউডব্লিউ১/৭’ (আধার কার্ড)-এর উপর নির্ভরশীল। অথচ, আধার কার্ড নিজে কোনও জন্মতারিখের প্রমাণ হতে পারে না।” হাই কোর্টের মতে, আধার কার্ডের বদলে পুরনো ইএসআইসি নথিকে প্রাধান্য দিয়ে শ্রম আদালত সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তাই উচ্চ আদালতেও সেই সিদ্ধান্তই বহাল রাখা হল।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language