Hashtagintro

সংস্থার বার্ষিক আয় ১৫ কোটি! সব ছেড়ে সন্ন্যাসের সিদ্ধান্ত সুরাটের বস্ত্র ব্যবসায়ী পরিবারের

শাক্য প্রজাতন্ত্রের রাজা শুদ্ধোধনের পুত্র ছিলেন সিদ্ধার্থ গৌতম। ২৯ বছর বয়সে জরা, ব্যাধি, মৃত্যুকে অনুভব করে ও সন্ন্যাস দর্শনে উদ্বুদ্ধ হয়ে জাগতিক সুখ ত্যাগ করেন। পরবর্তীকালে তিনিই আলোকপ্রাপ্ত গৌতম বুদ্ধ। এই কাহিনি মনে করাচ্ছে রাজস্থানের উদয়পুরের (Udaipur) সফল বস্ত্র ব্যবসায়ী একটি পরিবার। যাদের সংস্থার বার্ষিক লেনদেন ১৫ কোটি টাকারও বেশি। ওই পরিবারের তিন সদস্যই বিপুল পরিমাণ সম্পত্তি ছেড়ে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এমনটা ঘটনা সামনে আসতেই হতবাক অনেকেই।

৪৭ বছরের দিলীপ ভাই ভোগার, স্ত্রী ৪৫ বছরের জ্যোতি বেন, তাঁদের দুই মেয়ে ২২ বছরের ছবি ও ১৪ বছরের ছারবি জৈন সন্ন্যাসব্রত গ্রহণ করবেন, বুধবার একথা ঘোষণা করেছে পরিবারটি। ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সুরাটে হবে আনুষ্ঠানিক দীক্ষাগ্রহণ প্রক্রিয়া। দিলীপ-জ্যোতির আরেক মেয়ে শৈলী ২০২৩ সালে সন্ন্যাস গ্রহণ করেন। এখন তাঁর নাম সাধ্বী দর্শিতা।

দিলীপ ভাই আদতে উদয়পুর জেলার যশবন্তগড় গ্রামের বাসিন্দা। কর্মসংস্থানের জন্য সুরাটে আসেন তিনি। সেখানে একটি ছোট কাপড়ের দোকান খোলেন। সেই দোকান জনপ্রিয় হয়ে উঠলে ব্যবসার প্রসারের সঙ্গে সঙ্গে আরও দু’টি দোকান খোলেন তিনি। এই সময় তাঁর আলাপ হয় এক জৈন সন্ন্যাসীর সঙ্গে। ওই সন্ন্যাসীর অনুপ্রেরণা ও আশীর্বাদে বস্ত্র ব্যবসাকে আরও বড় করে তোলেন দিলীপ ভাই। এক সময় বার্ষিক লেনদেন কয়েক কোটি টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে গড়ে যা ১৫ কোটি টাকা।

যে জৈন সন্ন্যাসী ব্যবসা বাড়ানোয় উৎসাহ দিয়েছিলেন, তিনিই পরবর্তীকালে সন্ন্যাস জীবনের প্রতি উদ্বুদ্ধ করেন পরিবারের সদস্যদের। ২০২৩ সালে মেয়ে শৈলী দীক্ষা নেওয়ার পর দিলীপ ভাই ব্যবসার পরিধি কমিয়ে আনতে শুরু করেন। নিজেও দীক্ষাগ্রহণের সিদ্ধান্ত নেন। তাঁর স্ত্রী জ্যোতি বেন এবং অন্য দুই মেয়ে ছবি ও ছারভিও জীবন সম্পর্কে একই সিদ্ধান্ত নেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গ্রাফিক ডিজাইনে ‘বিবিএ’ ডিগ্রি পাশ করেন ছবি। নিজের হাতে ক্রোশে (crochet) পদ্ধতিতে তৈরি ঘর সাজানোর ও দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিস বিক্রি করতেন তিনি। যদিও চার মাস পর ছবি ব্যবসা ছেড়ে দেন। যেহেতু তাঁর বাবাও সন্ন্যাস জীবনের পথে পা বাড়ান। অন্যদিকে ছারভি নবম শ্রেণিতে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দেয়। সুরাটে জেলা পর্যায়ে ফুটবল খেলেছে সে।

দীক্ষা গ্রহণের আগে মা-বাবা ও দুই মেয়ে এখন জৈন তপস্বীদের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন। উদ্দেশ্য হল, পায়ে হেঁটে ভ্রমণের নিয়ম, খাদ্যাভ্যাস ও দৈনন্দিন আচরণের বিধিমালা সম্পর্কে অবহিত হওয়া। সন্ন্যাসজীবনের কঠোরতার জন্য নিজেদের প্রস্তুত করছে পরিবারটি। বাড়ি-গাড়ি-সহ জীবনের যাবতীয় বিলাসিতা এখন অনেক দূরে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language