সামনেই গঙ্গাসাগর মেলা। রাজ্য পালাবদলের পর এই মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার এই মেলায় আরও যাতে বেশি করে মানুষ যেতে পারেন, সেজন্য চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতে এবারই প্রথম রাজ্য সরকার হেলিকপ্টার পরিষেবা চালু করছে। আজ, শনিবার সাগরে মেলার প্রস্তুতি নিয়ে একটি বৈঠক ছিল। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে এই বৈঠক হয়। সেই বৈঠক শেষে হেলিকপ্টার পরিষেবা চালুর ঘোষণা করেন তিনি।
দুর্ঘটনা এড়াতে পুণ্যার্থীদের সুরক্ষায় হোগলা শেড তৈরি বন্ধ করে তাঁবু তৈরির পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। সাগরমেলায় আসা পুণ্যার্থীদের কোনও হেনস্থা বরদাস্ত করা হবে না তাও বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যসচিব বলেন, এবার গঙ্গাসাগর মেলায় ৮ থেকে ১০ টি হেলিকপ্টার ভাড়া খাটবে। পুণ্যার্থীরা সিট পিছু বুকিং করে এখানে আসতে পারবেন। এই ব্যাপারে যথাযথ প্রচারও করা হবে। সকালে এসে পুজো দিয়ে বিকেলে ফিরে যেতে পারবেন তাঁরা। জল ও স্থলপথের পর এবারই প্রথম আকাশপথেও গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের আসার এই বিশেষ আয়োজন করছে রাজ্য সরকার। সুতরাং, দেশ-বিদেশ থেকেও যাঁরা হাতে কম সময় নিয়ে গঙ্গাসাগর একবার ঘুরে আসতে চান তাঁদের জন্য এই পরিষেবা অনেকটাই সুবিধা দেবে বলে তিনি জানান। উল্লেখ্য, এতদিন কেবল আধিকারিক ও রোগী পরিষেবায় হেলিকপ্টার ব্যবহৃত হত। এবার থেকে পুণ্যার্থীরাও এই পরিষেবা নিতে পারবেন। তবে এক্ষেত্রে কত খরচ হতে পারে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এই প্রসঙ্গে মুখ্যসচিব এদিন আরও জানান, এবার গঙ্গাসাগর মেলা কুম্ভমেলার মতো করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, সাগরমেলা আগে মানুষ যেমন দেখেছেন, এবার সেসবের সবকিছুই ছাপিয়ে যাবে। পুণ্যার্থীদের স্বাগত জানানোর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বাড়ানো হবে হোল্ডিং সেন্টার। অতিরিক্ত ভিড়ে তীর্থযাত্রীদের কোনও সমস্যা না হয়, তার জন্য বিভিন্ন পরিষেবার বন্দোবস্ত থাকছে। পুণ্যার্থীরা সাগরমেলায় এসে এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাতে ফিরতে পারেন তার সবরকম ব্যবস্থাই থাকছে। একসঙ্গে অনেক মানুষকে মুড়িগঙ্গা নদী পারাপারের সুবিধায় এবার বাড়তি বার্জ চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের।”
মুখ্যসচিবের কথায়, অন্যান্যবার চার-পাঁচটি বার্জ চালানো হয়। এবারই ১৫ থেকে ২০টি বার্জ চালানোর কথাবার্তা চলছে।। এদিকে, এদিনের বৈঠক সূত্রে জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর ড্রেজিং করার পর ওই চ্যানেলটিকে কীভাবে দীর্ঘস্থায়ী করা যায় সেই বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। লট নম্বর -৮ তে অতিরিক্ত যাত্রীশেড বানানো হবে বলেও ঠিক হয়েছে। ডায়মন্ডহারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে অতিরিক্ত আলো লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। যানবাহনের চালকরা নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছেন কিনা, সেই বিষয়েও বিশেষভাবে নজর দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মেলায় পুণ্যার্থীদের ভিড় সামলাতে মেলা গ্রাউন্ডের বাইরে বিভিন্ন স্থানে অতিরিক্ত ৩৮ একর জমি চিহ্নিত করা হয়েছে। সে সমস্ত জমি পুণ্যার্থীদের থাকার জন্য উপযুক্ত করে তোলা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে পুণ্যার্থীদের সুরক্ষায় হোগলা শেড তৈরি বন্ধ করে তাঁবু তৈরির পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। সাগরমেলায় আসা পুণ্যার্থীদের কোনও হেনস্থা বরদাস্ত করা হবে না তাও বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
