তৃণমূল আমলের ঘোরতর সমাজবিরোধী হিসেবে কুখ্যাতি ছিল। বর্তমানে সে নিজেকে ‘বিজেপি কর্মী’ বলে দাবি করছে। অর্থাৎ শমীক ভট্টাচার্যরা বারবার দলে যে ‘বেনোজল’ ঢোকা নিয়ে সতর্ক করছেন, তা যে নেহাৎ আশঙ্কা নয়, তারই যেন প্রমাণ মিলল সোশাল মিডিয়ায় হাওড়ার নেতার পোস্টে। ফেসবুকে পোস্ট করে এ সম্পর্কে সতর্ক করেছেন হাওড়ার শিবপুর ৩ নং মণ্ডল সভাপতি পল্লব ছড়ি। শুধু তাই নয়, ওই সমাজবিরোধীর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলেও তিনি এলাকাবাসীকে জানিয়ে দিলেন।
হাওড়ার শিবপুর বিধানসভার ৩ নম্বর মন্ডলের সভাপতি পল্লব ছড়ি রবিবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘রামরাজাতলা সংলগ্ন এলাকায় বসবাসকারী শানু নামে এক সমাজবিরোধী তৃণমূল আমলে এলাকায় সন্ত্রাস চালিয়েছে। সেই সমাজবিরোধী বর্তমানে এলাকায় নিজেকে বিজেপি কর্মী বলে দাবি করছে। এই কুখ্যাত সমাজবিরোধী শানু, আমাদের বিজেপির কোনো কার্যকর্তা নয়।এর সাথে বিজেপি (ভারতীয় জনতা পার্টির) কোন যোগাযোগ নেই।’ ওই সমাজবিরোধীর বিরুদ্ধে তোলাবাজি-সহ অন্য যে কোনও অভিযোগ থাকলে জানানোর জন্য নিজের মোবাইল নম্বরও দিয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরই তৃণমূল জমানার ‘কুখ্যাত’ লোকজন নিজেদের ‘বিজেপি কর্মী’ বলে দাবি করছেন। তাদের মধ্যে কেউ কেউ দুষ্কৃতী বলে পরিচিত ছিল। ইদানিং এলাকায় বিজেপি নেতাদের সঙ্গে তাঁদের অনেককে ঘুরতে দেখা যাচ্ছে। এটা নিয়ে দলকে বার্তা দিয়েছেন এবং বারবার সতর্ক করে দিয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। অনেকেই গেরুয়া তিলক পরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের গেরুয়া তিলক মুছে দেওয়ার কথাও বলেছেন শমীক। এরপরই হাওড়ায় শিবপুর ৩ নম্বর মন্ডল সভাপতির সমাজমাধ্যমে এই পোস্ট নিয়ে নতুন করে চর্চা শুরু হল।
