আপাতত ভাঙা যাবে না ফলতার স্বঘোষিত তৃণমূল নেতা পুষ্পা ওরফে জাহাঙ্গির খানের বাড়ি। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাঙার উপর অন্তবর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। আজ, সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। শুনানিতে বাড়ি ভাঙার উপর যে স্থগিতাদেশ ছিল, তার মেয়াদ ১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে ফলতা-ডায়মন্ড হারবার এলাকায় শেষ কথা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির। গত বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নাড্ডার কনভয়ে হামলা, ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক মামলায় বর্তমানে জেলবন্দি জাহাঙ্গির খান। এরমধ্যেই তাঁর প্রসাদসম বাড়ি ভাঙতে শুরু করে প্রশাসন। অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সরকারি জমি দখল করে ওই বাড়ি বানিয়েছিলেন জাহাঙ্গির। এই বিষয়ে একাধিকবার নোটিসও দেয় প্রশাসন। কিন্তু এরপরেও কোনও পদক্ষেপ না করায় বাড়ি ভাঙতে শুরু করে প্রশাসন। এরপরেই জেলে থেকেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পুষ্পা। শুক্রবার এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছিলেন, আগামী সোমবার এই মামলাটি শোনা হবে। তাই আপাতত সোমবার পর্যন্ত বাড়ি ভাঙার কাজ করা যাবে না। এমনকী প্রশাসনের তরফেও ভিডিও রেকর্ডিংও তলব করা হয়।
সেই মতো আজ, সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। নির্দেশ মতো রাজ্যের তরফে বাড়ি ভাঙার ছবিও জমা দেওয়া হয়। কিন্তু সেই ছবি সন্তোষজনক বলেই জানিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ। এরপরেই বাড়ি ভাঙার কাজ স্থগিত রাখার নির্দেশের মেয়াদ বাড়ানো হয়। আগামী ১ ডিসেম্বর ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। ততদিন পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ থাকবে বলেই জানিয়েছে কলকাতা হাই কোর্ট।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে ফলতা-ডায়মন্ড হারবার এলাকায় শেষ কথা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির। গত বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অসঙ্গতি সামনে আসায় ফলতা বিধানসভার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। নতুন করে ভোটের দিন ঘোষণা করা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে নির্বাচনের আগে ময়দান ছাড়েন জাহাঙ্গির। এরপর একাধিক অভিযোগে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে।
