Hashtagintro

সনাতন সংস্কৃতির প্রতি অনুরাগ! প্রেমের শহর আগ্রায় বৈদিক মন্ত্রে বিয়ে ইটালীয় যুগলের, ভাইরাল ভিডিও

তাজমহলের শহর আগ্রা, শাশ্বত প্রেমের ঠিকানা! সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ইটালিয়ান যুগল ম্যাটেও ও ক্যাটরিনা। এটুকুও আসলে খবর না। আগরার একটি হোটেলে সনাতন রীতি মেনে, বৈদিক মন্ত্র পড়ে বিয়ে করলেন বিদেশি যুগল। ভারতের সনাতন সংস্কৃতির প্রতি গভীর অনুরাগে অনুপ্রাণিত হয়েই অভিনব বিয়ে।

সুদূর ইউরোপের দেশ ইটালির লিগুরিয়া থেকে ভারতে পর্যটক হিসাবে এসেছিলেন ম্যাটেও ও ক্যাটরিনা। ভারত ভ্রমণের সময় তাঁরা হরিদ্বারে গঙ্গাস্নান করেন, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন। এ দেশের আধ্যাত্মিক পরিবেশ এবং সংস্কৃতি তাঁদের এতটাই মুগ্ধ করে যে বৈদিক মতে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন তাঁরা। শেষ পর্যন্ত ভালোবাসার প্রতীক তাজমহলের শহর আগ্রাকে তাঁরা বিবাহস্থল হিসেবে বেছে নেন। মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় আগ্রার একটি হোটেলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রকাশ্যে এসেছে ইটালিয়ান যুগলের সনাতন মতে বিয়ের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, বিয়ের আসরে বর ম্যাটেওর পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় পাগড়ি। কনে ক্যাটরিনা পরেছিলেন সোনালি জরির পাড়ের লাল রঙের লেহেঙ্গা। এছাড়াও নববধূর হাত-গলায়-কানে ছিল জবরজং গয়না। গলায় গোলাপের মালাও দেখা গিয়েছে। পণ্ডিত প্রবীণ দত্ত শর্মার পৌরোহিত্যে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। অগ্নিসাক্ষী রেখে সাত পাক, সিঁদুরদান এবং মঙ্গলসূত্র পরানোর মতো যাবতীয় সনাতন রীতি নিষ্ঠার সঙ্গে পালন করা হয়।

বিদেশী বর-কনে যাতে বিয়ের নিয়মের গুরুত্ব বুঝতে পারেন, সেজন্য প্রতিটি বৈদিক মন্ত্রের অর্থ ইংরাজি তর্জমা করে বুঝিয়ে দেন পুরোহিত। বিয়ের পর মেটাও ও ক্যাটরিনা জানান, তাজমহলের শহরে সনাতন রীতিতে বিয়ে করাটা তাঁদের জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় অভিজ্ঞতা। সমাজমাধ্যমে ভাইরাল অভিনব বিয়ের ভিডিও দেখে আমজনতাও বেজায় খুশি। লাইক-কমেন্টের বন্যা বইছে। প্রায় সকলেই বলছেন, সংস্কৃতির আদানপ্রদানই সভ্যতাকে সমৃদ্ধ করে।

Source: Sangbad Pratidin Viral (Bengali)

Read full article on Sangbad Pratidin Viral (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language