সীমান্ত এলাকায় জড়ো হয়েছিলেন একাধিক যুবক। সেই দেখে সন্দেহ হয়েছিল এলাকার সাধারণ বাসিন্দাদের। জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তাঁরা সকলেই বাংলাদেশি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। সেই কথা জানার পরেই পাকড়াও করা হল ওই অনুপ্রবেশকারীদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে। মোট ২৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আজ, মঙ্গলবার সকালে মালিগাও গ্রাম পঞ্চায়েতের কদমতলায় জড়ো হয়েছিল তাঁরা। ওই এলাকায় একসঙ্গে অনেকজন অপরিচিত যুবকদের দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করে। এরপরেই স্থানীয়রা তাদের আটক করে রাখে এলাকায়। জিজ্ঞাসাবাদে ওই দলটি জানায় তারা বাংলাদেশের নওগা জেলার হরিপুর থানা এলাকার বাসিন্দা। কাজের জন্য তারা ২ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। কাজের সূত্রে জম্মু-কাশ্মীর গিয়েছিল।
ফের তাঁরা দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল। গঙ্গারামপুরের বাসিন্দা বাবলু রায়ের মাধ্যমে চোরাপথে তাঁদের সীমান্ত পেরনোর কথা ছিল বলে খবর। সেজন্যই তাঁরা ওই এলাকায় অপেক্ষা করছিল। সেসময় স্থানীয়রা পাকড়াও করে ওই অনুপ্রবেশকারীদের। গ্রামবাসীরা বিএসএফকে খবর দেয়। পরে বিএসএফ কর্তৃপক্ষ গিয়ে আটক করে নিয়ে যায় ২৫ বাংলাদেশি-সহ এক ভারতীয়কে।
কুশমণ্ডির বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, সীমান্তবর্তী এলাকা মালিগাও। সেখানে একসঙ্গে এত বাংলাদেশি জড়ো হয়েছিল এবং তারা এই মুহূর্তে ফিরে যাচ্ছিল কেন, তা খতিয়ে দেখা হোক। পাশাপাশি, কোনও ধরনের অপরাধের সঙ্গে যোগ বা অন্য বিষয়গুলিও যাতে দেখা হয়, তা নিয়ে পুলিশ ও প্রশাসনকে বলা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। কেন ওই অনুপ্রবেশকারীরা কাশ্মীর গিয়েছিল? কেন সেখান থেকে ফের বাংলাদেশে ফেরার চেষ্টা? সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।