Hashtagintro

সোমে হাজিরা দিতে হবে অভিষেককে, দিল্লি থেকে ফিরতেই তৃণমূল সাংসদকে ফের নোটিস ধরাল পুলিশ

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পুলিশ। ক্যামাকস্ট্রিট কাণ্ডে কালই হাজিরা দিতে হবে তৃণমূল সাংসদকে। অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস ধরাল শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। গত ২৭ আগস্ট ক্যামাকস্ট্রিটে অভিষেকের অফিসের বিলবোর্ড খুলতে গেলে পুরসভার কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। পুরসভার এফআইআরের ভিত্তিতেই এদিন তাঁকে নোটিস দিতে যায় পুলিশ। দু’দিন আগেই অভিষেকের বাড়িতে নোটিস দিতে গিয়েছিলেন আধিকারিকরা, বাড়িতে কেউ না থাকায় নোটিস না দিয়েই ফিরতে হয়েছিল পুলিশকে। রবিবার সকালে প্রায় মিনিট ২০ অপেক্ষার পর বাড়ির সদর দরজা খোলা হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খুলতে গেলে পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে ৩টি মামলা রুজু করে পুরসভা। এর আগেও পুরসভার দায়ের করা একটি মামলায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। পুরসভার আরও একটি এফআইআরের ভিত্তিতে গত বুধবার অভিষেকের কালীঘাটের বাড়িতে যান শেক্সপিয়র থানার পুলিশকর্মীরা। অভিযোগপত্রে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। যদিও বুধবার বাড়িতে কেউ না থাকায় নোটিস দিতে পারেননি পুলিশকর্মীরা। এদিন পুরসভারই আরেকটি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দিল পুলিশ।

উল্লেখ্য, ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় একপ্রস্থ। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান। পুরকর্মীদেরও বারবার বাধা দেওয়া হয়। করা হয় মারধরও। কলকাতা পুরসভার দাবি ওই বিলবোর্ডটি ‘বেআইনি’। শেষ পর্যন্ত অবশ্য কোনও বাধাই কাজে আসেনি। বিলবোর্ড খুলে দেয় পুরসভা। পুলিশ ও পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। তাঁদের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুরসভা। সেই অভিযোগের ভিত্তিতেই ফের সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এখন দেখার, অভিষেক কাল হাজিরা দেন কি না।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language