চাকরিতে মন টেকেনি। দেশভ্রমণের স্বপ্নই শেষ পর্যন্ত ঘরের গণ্ডি পেরিয়ে বেরিয়ে আসার অনুপ্রেরণা জুগিয়েছে মধ্যপ্রদেশের কাটনি-জব্বলপুরের ২৭ বছরের যুবক রুদ্র কুমার প্যাটেলকে। স্কেটিং করতে করতে একের পর এক রাজ্য পেরিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন তিনি। পশ্চিমবঙ্গের মোট ১৩টি শক্তিপীঠ দর্শনই লক্ষ্য তাঁর।
২০২৪ সালের ৯ আগস্ট উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে শুরু হয় তাঁর অভিনব ভারতভ্রমণ। ইতিমধ্যেই ১৭টি রাজ্য ও নেপাল সফর সম্পূর্ণ করে বর্তমানে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন রুদ্র। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বহুলা সতীপীঠে দর্শন করেন তিনি। সেখান থেকে তাঁর পরবর্তী গন্তব্য বীরভূমের আরও একটি সতীপীঠ। পশ্চিমবঙ্গের মোট ১৩টি শক্তিপীঠ দর্শনের লক্ষ্য নিয়ে বাংলায় এসেছেন তিনি। বহুলা-সহ এখনও পর্যন্ত ছ’টি শক্তিপীঠ দর্শন সম্পূর্ণ হয়েছে বলে জানান রুদ্র।
রুদ্রের কথায়, “শুধু বিভিন্ন জায়গা ঘুরে চোখে দেখা নয়, দেশের সংস্কৃতি, কৃষ্টি, প্রকৃতি এবং মানুষকে কাছ থেকে জানাই আমার উদ্দেশ্য।” স্কেটিং করার ফলে চারপাশ ভালোভাবে দেখা যায়, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা যায় এবং তাঁদের কাছ থেকে নতুন কিছু শেখা যায় বলেও জানান তিনি। ইতিমধ্যেই ১১টি জ্যোতির্লিঙ্গ, ১৭টি শক্তিপীঠ, চার ধাম ও পঞ্চকেদার যাত্রা সম্পন্ন করেছেন রুদ্র। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পলিটেকনিক করার পর মাত্র দেড় মাস চাকরি করেছিলেন। পরে চাষবাসে যুক্ত হলেও তাতেও মন বসেনি। পরিবারের অনুমতি এবং মা-বাবা ও ছোট বোনের পূর্ণ সমর্থন নিয়েই যাত্রা শুরু করেছেন তিনি। এখনও প্রায় ১০টি রাজ্য ভ্রমণ বাকি। সব মিলিয়ে যাত্রা শেষ হতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে বলে আশা রুদ্রের।