হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড দিয়ে সব ধরনের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামী ১২ নভেম্বর থেকে এই নির্দেশিকা জারি হচ্ছে। কতদিন এই গাড়ি চলাচল নিয়ন্ত্রণ থাকবে? হাওড়া স্টেশনের ওই রাস্তা অত্যন্ত ব্যস্ত থাকে। তাহলে কেন ওই সিদ্ধান্ত? এখন উৎসব ও পর্যটন মরশুম চলছে। প্রচুর সংখ্যায় যাত্রী সাধারণের ভিড় হচ্ছে হাওড়া স্টেশনে। অপেক্ষমান এলাকাতেও যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। এই মুহূর্তে ওই এলাকার যাত্রীদের ভিড়, ট্রাফিক সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত বলে খবর।
আগামী ১২ তারিখ থেকে এই নির্দেশিকা জারি হচ্ছে। ১৪ তারিখ পর্যন্ত এই পথ বন্ধ থাকছে। জানা গিয়েছে, ১২ থেকে ১৪ নভেম্বর প্রতিদিন দুপুর তিনটে থেকে রাত ১২টা পত্তযন্ত হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড বন্ধ থাকছে। এই সময়ের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকছে। হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত বলে খবর। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন হাওড়া স্টেশন দিয়ে। উৎসবের এই কটা দিন আরও চাপ বাড়ে। নিত্যযাত্রীদের ভিড়ও দেখা যায়। যাত্রীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্যই গাড়ি যাতায়াত ওল্ড ক্যাব রোডে কমান হবে।
ওল্ড ক্যাব রোড হাওড়া স্টেশনের নতুন ও পুরনো স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝখান দিয়ে গিয়েছে। যাত্রীরা গাড়ি নিয়ে সরাসরি এই রাস্তা দিয়ে ঢুকে যেতে পারেন। ফলে বাইরের ভিড় না ঠেলেই যাত্রীরা প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন। কিন্তু এই রাস্তাটি একমুখী। ফোরশোর রোড দিয়ে গাড়ি ঢোকে। বঙ্কিম সেতুর দিক থেকে গাড়ি বেরতে পারে। এই মুহূর্তে যাত্রীদের চাপ রয়েছে। দুপুরের পর থেকে রাত পর্যন্ত যাত্রীদের চাপ আরও বেশি হয়। ফলে এই রাস্তায় গাড়ির চাপও বাড়ছে। দেখা যাচ্ছে যানজটও। সেজন্যই যাত্রী নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণের জন্য এই তিনদিন ওই রাস্তায় গাড়ি চলাচলে রাশ টানা হয়েছে।
