এই বছরটা শেষ হতে আর মাস দেড়েকও বাকি নেই। এর মধ্যে যদি আধার আপডেট (Aadhaar Update) না করেন, তাহলে কিন্তু আফসোস করতে হবে। কেননা নতুন বছরে আপডেট করতে হলে খসাতে হবে গাঁটের কড়ি। সম্প্রতি আধারের নয়া অ্যাপ এনেছে ইউআইডিএআই। বাড়ি বসেই করা যাবে আপডেট।
প্রসঙ্গত, ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ যে অ্যাপ এনেছে তা ডাউনলোড করতে হবে স্মার্টফোনে। আর সেই অ্যাপের সাহায্যেই তথ্য সংযোজন-বিয়োজন করতে পারবেন অনায়াসে। বলে রাখা ভালো নাম, লিঙ্গ, জন্মের তারিখ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো তথ্য বদলাতে গেলে দিতে হয় ৭৫ টাকা। তবে ইমেল আইডি বদলানো এখনও বিনামূল্যেই করা যাচ্ছে। এবছরের ৩১ ডিসেম্বরের পরে হলে দিতে হবে ৭৫ টাকা। কিন্তু বায়োমেট্রিক আপডেটের সঙ্গে সঙ্গেই ডেমোগ্রাফিক আপডেট করা হলে সেক্ষেত্রে কোনও খরচ লাগছে না।
তবে ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে কিন্তু সময়সীমা আরেকটু বেশি। ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত নিজের পরিচয় ও ঠিকানার তথ্য সংক্রান্ত নথি জমা করা যাবে। আর তা করা যাবে ‘মাই আধার পোর্টাল’-এর সাহায্যেই। পাশাপাশি এও বলা যাক, বায়োমেট্রিক আপডেট গত সেপ্টেম্বর পর্যন্ত ৭ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সিদের জন্য নিখরচে করা যেত। কিন্তু এখন ১২৫ টাকা দিতে হবে।
কাজেই নাম-নম্বর-ঠিকানা জাতীয় তথ্যের আপডেট করা যাবে অ্যাপ থেকে। এই নতুন অ্যাপে রয়েছে পাঁচটি ফিচার। আগেই বলা হয়েছে, ঠিকানা বা মোবাইল নম্বর বদলাতে হলে দিতে হবে ৭৫ টাকা। এখানে একটা কথা বলা দরকার। আধারের সঙ্গে গ্রাহকের মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকলে কিন্তু অ্যাপের সাহায্যে তা করা যাবে না। কেননা এক্ষেত্রে ওটিপি একটি জরুরি পদ্ধতি। তাই মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক থাকা একান্তই জরুরি।
Source: Sangbad Pratidin India (Bengali)
