রাজ্যে পঞ্চম এনকাউন্টার। নানুরে পুলিশের গুলিতে মৃত্যু রতন শেখের। গত ১৩ নভেম্বর পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। রতনের মৃত্যুর খবর পেতেই মন খারাপ পরিবারে। ‘হাত পা ভেঙে পুলিশ জেলে রেখে দিতে পারত, জীবনটা চলে যাক চাইনি’, বলছেন রতনের বউদি। রবিবার বাড়িতে মৃত্যুর খবর পৌঁছতেই হাসাপাতালে ছুটেছেন দাদা।
সাঁওতা গ্রামে বাসিন্দা রতনের দাদা সালাম শেখ ও বউদি চম্পা বেগম। জানা গিয়েছে, এই দাদা বউদি ছাড়া রতনের পরিবারে আর কেউ নেই। এনকাউন্টারের পর সেই বাড়িতেই ফোন এসেছিল পুলিশের। দেহ শনাক্ত করতে পরিবারের লোক হিসেবে দাদা হাসপাতালে গিয়েছেন রবিবারই। রতনের বউদি চম্পা জানিয়েছেন, ৫ বছর বেশি হয়ে গেছে, তিনি রতনকে চোখে দেখেননি। গ্রামে নাকি সে আসতই না। রতনের দুই ছেলে আছে বলেও জানা গিয়েছে। কিন্তু অনেক আগেই দুই সন্তানকে নিয়ে সংসার ছেড়ে চলে যান রতনের স্ত্রী। তারপর থেকেই রতন অন্যরকম হয়ে গিয়েছেন বলে দাবি করে চম্পা।
রতনের বউদি চম্পার কথায়, “অনেক দিন আগেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। পারিবারিক অশান্তির জন্য আমাদের সঙ্গে কোনও সম্পর্কও নেই। কিন্তু এই খবরটা শুনে খারাপ লাগছে। সাজা হতে পারত। পুলিশ ওকে ধরে জেলে রাখতে পারত। হাত পা ভেঙে রেখে দিত। এখন তো জীবনটাই চলে গেল!” তিনি বলেন, “কনস্টেবলকে গুলি করে পালানোর খবর শুনে ভেবেছিলাম ধরা পড়লে, আর ছাড়া পাবে না। কিন্তু মৃত্যু হোক, এটা কখনই চাইনি।” রতনের দাদা বলছেন, “দোষ তো ছিলই, তাই শাস্তি হয়েছে। খারাপ লাগলেও কিছু করার নেই।”
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতী হিসেবে নানুরে কুখ্যাতি ছিল রতনের। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদকপাচারের মতো বেশ কিছু মামলা ছিল তাঁর বিরুদ্ধে। মাস কয়েক আগে একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল রতনকে। গত শুক্রবার জামিনে ছাড়া পান তিনি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় রতন শেখকে ধরতে শান্তিনিকেতনের লাইকবাজারে সাদা পোশাকে বাইকে চেপে পৌঁছন শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। রতনকে নাগালের মধ্যেও পেয়ে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালান রতন। সেই থেকে রতনকে খুঁজছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতেই বর্ধমানে অভিযান চালিয়ে রতনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পালানোর পথ নেই বুঝেই রতনও পুলিশের জিজ্ঞাসাবাদে পরপর জবাব দিতে থাকে। বীরভূমের এসপি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে একাধিক তথ্যও উঠে আসে। রতন পুলিশকে জানায় নানুরে একটি ইটভাটায় ওই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল সে। রতনকে সঙ্গে নিয়ে নানুরের ওই ইটভাটা সংলগ্ন এলাকায় পৌঁছয় পুলিশ। রতনের কথা মতোই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করা হয়। তল্লাশি চলাকালীনই আচমকা ঝোপের আড়াল হয়ে যায় রতন। এরপরই পুলিশকে লক্ষ্য করে ধেয়ে আসে পরপর গুলি। পুলিশের গাড়িতে গিয়ে লাগে পুলিশকে তাক করা বন্দুকের গুলি। এরপরই আত্মরক্ষায় পালটা গুলি চালায় পুলিশ। রতন লুটিয়ে পড়েও ফের গুলি চালানোর চেষ্টা করে দাবি পুলিশের। গুলিতে জখম রতন শেখকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।