প্রথমবার ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেন (Harry Kane)। কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য পেয়েছেন ইংরেজ তারকা। সেই সাফল্যে উচ্ছ্বসিত বলিউড তারকা কার্তিক আরিয়ানও (Kartik Aaryan)। কেনের সঙ্গে গলা মিলিয়ে বললেন, ‘চান্দু নেহি, চ্যাম্পিয়ন হুঁ ম্যা।’ তাঁদের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। সঙ্গে কী লিখলেন ‘রুহ বাবা’?
২০২৪ সালে মুক্তি পেয়েছিল কার্তিকের সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। ভারতের প্রথম প্যারালিম্পিক সোনাজয়ী মুরলিকান্ত পেটকারের জীবনী নিয়ে তৈরি হয়েছিল সেই সিনেমাটি। সেই সিনেমার বিখ্যাত সংলাপ ছিল, ‘চান্দু নেহি, চ্যাম্পিয়ন হুঁ ম্যা।’ ওই সিনেমার প্রচারে মিউনিখে গিয়েছিলেন কার্তিক। সেই সময় কেনকে হিন্দি সংলাপ বলা শেখান। ইংরেজ তারকা ব্যালন ডি’অর জেতার পর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
সেটাকেই এবার সোশাল মিডিয়ায় পোস্ট করে কার্তিক লেখেন, ‘অভিনন্দন চ্যাম্পিয়ন। ব্যালন ডি’অর তোমার প্রাপ্য ছিল।’ কেনের অবশ্য হিন্দি সংলাপ বলতে একটু সমস্যাই হচ্ছিল। তবে কার্তিক ধৈর্য নিয়ে শিখিয়ে দেন। তারপর দু’জনেই হাসিতে ফেটে পড়েন। এর আগে বিরাট কোহলিও ‘বন্ধু’ কেনকে ব্যালন ডি’অর জয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন আরেক ভারতীয় তারকা।
View this post on Instagram
উল্লেখ্য, বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি গত মরশুমে ক্লাবের হয়ে জিতেছেন বুন্দেশলিগা-সহ জোড়া ট্রফি। বিশ্বকাপে তাঁর নেতৃত্বাধীন ইংল্যান্ড ওঠে সেমিফাইনাল পর্যন্ত। তারপর ব্রোঞ্জ জিতে মেগা টুর্নামেন্ট শেষ করেন জুড বেলিংহ্যামরা। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটাই বিশ্বকাপে ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স। প্রথমবার তৃতীয় স্থানের ম্যাচ জিতে পদক পায় ইংল্যান্ড। পরিসংখ্যান বলছে, গত মরশুমে ৬৫ ম্যাচে কেনের পা থেকে এসেছে ৭৩ গোল। আটটি অ্যাসিস্টও করেছেন। দারুণ পারফরম্যান্সের পর তাঁর ঝুলিতে এল প্রথম ব্যালন ডি’অর। পঁচিশ বছর পর কোনও ইংরেজ ফুটবলারের হাতে উঠল বর্ষসেরার সম্মান।
