Hashtagintro

বাংলায় জোড়া এনকাউন্টার নিয়ে কলম ধরলেন অগ্নিমিত্রা, কী লিখলেন মন্ত্রী?

বাংলায় একই দিনে জোড়া এনকাউন্টার। গতকাল, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ ও খুনে অভিযুক্ত পুলিশি এনকাউন্টারে মারা গিয়েছে। সেদিনই বেলায় মুর্শিদাবাদের ধুলিয়ানে বিজেপি নেতা খুনে অভিযুক্তও এনকাউন্টারে মারা গিয়েছে। ‘আইন হাতে তুলে নিলে পুলিশ দাঁড়িয়ে দেখবে না’, জোড়া এনকাউন্টার নিয়ে সাফ কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আইনের শাসন চলছে বাংলায়, সেই কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার এনকাউন্টার বিষয়ে নিজের বক্তব্য কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সামাজিক মাধ্যমে সেই কবিতা পোস্ট করেছেন আসানসোলের বিধায়ক।

অগ্নিমিত্রা লিখেছেন, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।” রাজ্যে ক্ষমতায় আসার পর বারুইপুরকাণ্ডে প্রথম এনকাউন্টার দেখা যায়। সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই গতকাল জোড়া এনকাউন্টার হল। দুটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। তবে পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছেন বিজেপির মন্ত্রী, নেতারা। কবিতার মাধ্যমে মন্ত্রী আরও লিখেছেন, “রাষ্ট্রের শক্তি থাকুক মানুষের পাশে, শান্তির সকাল ফিরুক প্রতিটি ঘরে। অপরাধ দমনে দৃঢ়তা চাই, মানুষের নিরাপত্তায় আপস নাই।”

গতকাল রাতে দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই জোড়া এনকাউন্টার প্রসঙ্গে বলেন, “দুটি বিষয়ে পুলিশকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। নেশামুক্তি ও মহিলাদের উপর অত্যাচারের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিতে পারবে।” দুই ক্ষেত্রেই পুলিশ আধিকারিকরা কোনও সমস্যায় পড়লে পুলিশমন্ত্রী হিসেবে তিনি নিজে ঢাল হয়ে দাঁড়াবেন। সেই কথাও জানিয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গকে গুন্ডামুক্ত করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে কোনও আপস নয়, সেই কথা কবিতার মাধ্যমেও প্রকাশ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এর আগেও অগ্নিমিত্রা কলম ধরেছেন। চলতি বছর ৯ আগস্ট রাজ‌্যজুড়ে পালিত হয়েছে অভয়া দিবস। তৃণমূল জমানায় দু’বছর আগে অভিশপ্ত ৯ আগস্ট আর জি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ‘ধর্ষণ’ ও খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। ওই দিনকে স্মরণ করেই এবার থেকে প্রতি বছর ওই দিন অভয়া দিবস পালন হবে। চলতি বছর আসানসোল জেলা হাসপাতালেও অভয়া স্মরণের আয়োজন হয়েছিল। সেখানেও এই বিষয়ে স্বরচিত কবিতা পাঠ করেছিলেন অগ্নিমিত্রা।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language